সংবাদমাধ্যমের স্টিকার ব্যবহার করে গাঁজা পাচার, মুর্শিদাবাদে ধৃত হাড়োয়ার নূর হোসেন সহ ২
মুর্শিদাবাদের সামশেরগঞ্জে সংবাদমাধ্যমের স্টিকার লাগানো একটি বিলাসবহুল গাড়ি থেকে বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার করেছে পুলিশ। গোপন সূত্রে খবর পেয়ে ১২ নম্বর জাতীয় সড়কের জয়কৃষ্ণপুর জল ট্যাঙ্কি মোড়ে নাকা তল্লাশি চালিয়ে একটি সন্দেহজনক এক্সইউভি গাড়ি আটক করা হয়।
তল্লাশি চালিয়ে গাড়িটির ভেতর থেকে প্রায় ৬১ কেজি ৬০০ গ্রাম উন্নত মানের গাঁজা উদ্ধার করা হয়েছে। আন্তর্জাতিক বাজারে এই মাদকের মূল্য কয়েক লক্ষ টাকা বলে জানা গিয়েছে। এই ঘটনায় মালদহের গাজল এলাকার রাশিদুল শেখ এবং উত্তর ২৪ পরগনার হাড়োয়া থানা এলাকার নূর হোসেন নামে দু'জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধৃতরা জানিয়েছে, পুলিশের নজরদারি এড়াতে তারা ইচ্ছাকৃতভাবে গাড়ির উইন্ড স্ক্রিনে সংবাদমাধ্যমের স্টিকার লাগিয়েছিল। তবে ধৃতদের কাছ থেকে সংবাদমাধ্যমের কোনো বৈধ পরিচয়পত্র পাওয়া যায়নি। পুলিশ সূত্রে খবর, উত্তর-পূর্ব ভারতের রাজ্যগুলি থেকে গাঁজা পাচার হলেও, নজরদারি বাড়ায় পাচারকারীরা এখন ওড়িশা থেকে নতুন রুটে মাদক নিয়ে আসছে। প্রাথমিক তদন্তে জানা গেছে, ধৃতরা এর আগেও ওড়িশা থেকে মালদহে গাঁজা পাচার করেছে। সেই সময়ও একই কায়দায় সংবাদমাধ্যমের স্টিকার ব্যবহার করা হয়েছিল কিনা, তা খতিয়ে দেখছে পুলিশ। রবিবার ধৃতদের আদালতে পেশ করে সাত দিনের পুলিশি হেফাজতের আবেদন জানানো হয়েছে।
সূত্র: এক ঝলক বাংলা
মূল সূত্র: মূল প্রতিবেদন