নিম্নচাপের জেরে দক্ষিণবঙ্গে বৃষ্টি, মঙ্গলবার থেকে শীতের আমেজ

ঘূর্ণিঝড় ‘আকভান’ শক্তি হারিয়ে নিম্নচাপে পরিণত হওয়ায় তার প্রভাবে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, সোমবার পর্যন্ত আকাশ মেঘলা থাকার সম্ভাবনা রয়েছে।

বিশেষ করে দুই ২৪ পরগনা, হাওড়া, হুগলি, পূর্ব ও পশ্চিম বর্ধমান এবং পশ্চিম মেদিনীপুরে আজ সারাদিন বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। রবিবার ও সোমবার কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন এলাকায় সর্বনিম্ন তাপমাত্রা ২২ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে।

তবে নিম্নচাপের প্রভাব কাটলে মঙ্গলবার থেকে আবহাওয়া পরিস্থিতির পরিবর্তন হবে। হাওয়া অফিস জানিয়েছে, মঙ্গলবার থেকে তাপমাত্রার পারদ নামতে শুরু করবে এবং শীতের আমেজ অনুভূত হবে। মঙ্গলবার থেকে বৃহস্পতিবারের মধ্যে দক্ষিণবঙ্গের সর্বনিম্ন তাপমাত্রা ১৮ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি নেমে আসতে পারে। পশ্চিমের জেলাগুলিতে শীতের প্রকোপ আরও বেশি থাকবে, যেখানে তাপমাত্রা ১৫ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে পৌঁছাতে পারে। এছাড়া উত্তরবঙ্গেও মঙ্গলবার থেকে শুষ্ক আবহাওয়া বজায় থাকবে বলে জানানো হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *