রবিবার ব্লু লাইনে বন্ধ আংশিক পরিষেবা, বড়সড় সংস্কারের পথে কলকাতা মেট্রো!
মেট্রো যাত্রীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর। রবিবার (১৭ মে) কলকাতা মেট্রোর ব্লু লাইনে আংশিক বন্ধ থাকছে ট্রেন চলাচল। শহিদ ক্ষুদিরাম থেকে মহানায়ক উত্তমকুমার (টালিগঞ্জ) স্টেশন পর্যন্ত এই অংশে কোনো মেট্রো মিলবে না। একই সঙ্গে টালিগঞ্জ থেকে ব্রিজি পর্যন্ত পরিষেবাও আগামীকাল সাময়িকভাবে স্থগিত রাখা হচ্ছে। মেট্রো রেল কর্তৃপক্ষ জানিয়েছে, শহিদ ক্ষুদিরাম স্টেশনে জরুরি রক্ষণাবেক্ষণ ও ট্রেন ঘোরানোর স্থায়ী পরিকাঠামো নির্মাণের কারণেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে কবি সুভাষ (নিউ গড়িয়া) রুটের যাত্রীরা ভোগান্তিতে পড়লেও টালিগঞ্জ থেকে দক্ষিণেশ্বর এবং দমদম পর্যন্ত মেট্রো চলাচল সম্পূর্ণ স্বাভাবিক থাকবে।
ঝুঁকি এড়াতে নিউ গড়িয়া স্টেশন ভাঙার প্রস্তুতি
২০১০ সালের মহালয়ায় চালু হওয়া কবি সুভাষ (নিউ গড়িয়া) মেট্রো স্টেশনটি মাত্র ১৫ বছরের মধ্যেই বিপজ্জনক হয়ে উঠেছে। স্টেশনটির একাধিক পিলারে ফাটল দেখা দেওয়ার পাশাপাশি প্ল্যাটফর্ম দেবে যাওয়ার লক্ষণ ধরা পড়েছে। যেকোনো মুহূর্তে বড়সড় দুর্ঘটনা এড়াতে গত বছরের ২৮ জুলাই থেকেই এই স্টেশনে যাত্রী পরিষেবা সম্পূর্ণ বন্ধ করে দেওয়া হয়। বর্তমানে আপ ও ডাউন লাইনের ট্রেনগুলো ব্রিজি স্টেশন পর্যন্তই যাতায়াত করছে। বিগত কয়েক মাস ধরে শহিদ ক্ষুদিরামকে প্রান্তিক স্টেশন হিসেবে ব্যবহার করা হলেও সেখানে স্থায়ীভাবে রেক বা ট্রেন ঘোরানোর পরিকাঠামো নেই। তাই আগামীকাল সেই পরিকাঠামো তৈরির কাজ শেষ করেই নিউ গড়িয়া স্টেশনটি মূল লাইন থেকে বিচ্ছিন্ন করে সম্পূর্ণ ভেঙে ফেলার কাজ শুরু হবে। নতুন করে এই স্টেশনটি গড়ে তুলতে কর্তৃপক্ষের অন্তত ৬ মাস সময় লাগতে পারে।
চিংড়িঘাটায় ১২০ ঘণ্টার ট্রাফিক ব্লকেড
অন্য দিকে, দীর্ঘদিন আটকে থাকার পর অবশেষে জট কেটেছে নিউ গড়িয়া–এয়ারপোর্ট মেট্রো প্রকল্পের। চিংড়িঘাটায় মেট্রোর রুট জোড়ার কাজ গত শুক্রবার (১৫ মে) রাত থেকেই পুরোদমে শুরু হয়ে গেছে। এই কাজের সুবিধার্থে কলকাতা পুলিশের তরফে দুই সপ্তাহান্তে মোট ১২০ ঘণ্টার জন্য ইএম বাইপাসে যান চলাচল আংশিক নিয়ন্ত্রণ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রথম দফায় ১৫ মে শুক্রবার রাত ৮টা থেকে ১৮ মে সোমবার সকাল ৮টা পর্যন্ত টানা ৬০ ঘণ্টা উত্তরমুখী গাড়ি চলাচল বন্ধ রাখা হচ্ছে। এর ঠিক পরের সপ্তাহে, অর্থাৎ ২২ মে শুক্রবার রাত ৮টা থেকে ২৫ মে সোমবার সকাল ৮টা পর্যন্ত দ্বিতীয় দফার ৬০ ঘণ্টায় দক্ষিণমুখী যান চলাচলের ওপর একই বিধিনিষেধ কার্যকর থাকবে। এই সময়ে বাইপাসের নির্দিষ্ট কিছু অংশ দিয়ে গাড়ি চলাচল সম্পূর্ণ নিষিদ্ধ থাকায় বিকল্প রুট ব্যবহার করার পরামর্শ দিয়েছে পুলিশ।