মল্লিকবাজারের কাছে বহুতলের কাপড়ের গোডাউনে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ৬টি ইঞ্জিন
কলকাতার এজেসি বোস রোডে একটি বহুতলের কাপড়ের গোডাউনে বুধবার সকালে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মল্লিকবাজারের উল্টোদিকে অবস্থিত এই বহুতলের তিনতলায় আগুন লাগার খবর ছড়িয়ে পড়তেই এলাকায় তীব্র আতঙ্ক সৃষ্টি হয়।
আগুন লাগার ফলে বহুতল থেকে কালো ধোঁয়া বেরিয়ে চারপাশ ঢেকে যায়, যার জেরে স্থানীয় বাসিন্দারা দ্রুত ঘর থেকে বেরিয়ে আসেন। খবর পেয়েই দমকলের ছ’টি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনার কাজ শুরু করে।
ঘিঞ্জি এলাকা হওয়ায় আগুন নেভাতে দমকল কর্মীদের বেশ বেগ পেতে হচ্ছে। পরিস্থিতি বিবেচনা করে প্রয়োজনে আরও ইঞ্জিন আনা হতে পারে বলে জানানো হয়েছে। ঘটনাস্থলে স্থানীয় পুলিশ ও দমকল বাহিনী এলাকাটি ঘিরে রেখেছে এবং বাসিন্দাদের নিরাপদে সরিয়ে আনার চেষ্টা চলছে। শেষ খবর পাওয়া পর্যন্ত এই অগ্নিকাণ্ডে কোনো হতাহতের খবর মেলেনি। দমকল কর্মীরা যুদ্ধকালীন তৎপরতায় আগুন নেভানোর কাজ চালিয়ে যাচ্ছেন। আগুনের উৎসস্থল পর্যন্ত পৌঁছাতে দমকল কর্মীদের সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। আগুন যাতে আশেপাশের কোনো বাড়িতে ছড়িয়ে না পড়ে, সেদিকেও বিশেষ নজর রাখা হয়েছে।