আসানসোল-পুরুলিয়া জুড়ে ত্রাস সৃষ্টিকারী প্রতাপ দাস অবশেষে গ্রেফতার

আসানসোল, হিরাপুর, সালানপুর এবং পুরুলিয়া অঞ্চলে ডাকাতি ও অস্ত্র হাতে দাপিয়ে বেড়ানোর অভিযোগে অভিযুক্ত ২৫ বছর বয়সী প্রতাপ দাস, যিনি স্থানীয়ভাবে ‘প্যাঁও’ নামে পরিচিত, শুক্রবার পুলিশের হাতে ধরা পড়েছেন। বাংলা-ঝাড়খণ্ড সীমানায় নাকা চেকিং ও গোয়েন্দা বিভাগের সক্রিয়তায় এই গ্রেফতারি সম্ভব হয়েছে বলে পুলিশ সূত্রে খবর।

পুলিশের তথ্য অনুযায়ী, প্রতাপ দাস সপ্তম শ্রেণিতে পড়ার সময় একটি মুদি দোকানে চুরির অভিযোগে প্রথমবার জুভেনাইল হোমে গিয়েছিল। সেখান থেকে ফিরে সে অপরাধের পথে আরও গভীরে প্রবেশ করে। ২০২৩ সালে একটি পেট্রল পাম্পে গুলি চালানোর ঘটনায় সে গ্রেফতার হয়েছিল এবং জেলও খেটেছিল। জেল থেকে মুক্তি পাওয়ার পর প্রতাপ সাইবার প্রতারণার জগতে পা রাখে, যেখানে বিয়ের বিজ্ঞাপনী সাইট খুলে প্রতারণার অভিযোগ ওঠে তার বিরুদ্ধে। এই অভিযোগের ভিত্তিতে গত বুধবার পুলিশ তার খোঁজে তল্লাশি শুরু করে।

ইসমাইলের গুরু নানক পল্লিতে পুলিশের ওপর গুলি চালিয়ে সে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেট শিল্পাঞ্চল জুড়ে ব্যাপক চিরুনি তল্লাশি অভিযান শুরু করে। তদন্তে বাধা দেওয়ার অভিযোগে প্রতাপের মামা বাম দাসসহ তার গ্যাংয়ের প্রায় ১৫ থেকে ২০ জনকে আটক করা হয়েছিল। প্রতাপের বিরুদ্ধে বিভিন্ন থানায় প্রায় ২০টি মামলা রয়েছে। ঘনঘন বাসস্থান, সিম কার্ড এবং বাইক পরিবর্তন করে পুলিশের চোখে ধুলো দিলেও শেষ পর্যন্ত সে পুলিশের জালে ধরা পড়ে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *