উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমেস্টারের ফল ঘোষণা: পাশের হারে ছাত্রীরা এগিয়ে, নদীয়া শীর্ষে

উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ আনুষ্ঠানিকভাবে তৃতীয় সেমেস্টারের ফলাফল ঘোষণা করেছে। পরীক্ষা শেষ হওয়ার ৪৪ দিনের মাথায় সল্টলেকের বিদ্যাসাগর ভবনে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে সংসদের সভাপতি অসিত কুমার মণ্ডল এই ফল প্রকাশ করেন।

তিনি জানিয়েছেন, তৃতীয় সেমেস্টারের জন্য কোনো পৃথক মেধাতালিকা প্রকাশ করা হবে না। চূড়ান্ত মেধাতালিকা তৈরি হবে তৃতীয় ও চতুর্থ সেমেস্টারের ফলাফলের ভিত্তিতে। এই বছর মোট ৭,০৫,৩২১ জন পরীক্ষার্থী মূল পরীক্ষায় অংশগ্রহণ করেছিল। তাদের মধ্যে ৯২.৬২ শতাংশ শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছে। পাশের হারে ছাত্রীদের সাফল্য ছাত্রদের তুলনায় বেশি। ছাত্রীদের পাশের হার ৯২.৬৬ শতাংশ, যেখানে ছাত্রদের পাশের হার ৯২.৫৮ শতাংশ।

জেলাভিত্তিক ফলাফলে নদীয়া জেলা ৯৫.৫৮ শতাংশ পাশের হার নিয়ে তালিকার শীর্ষে রয়েছে। এছাড়া পূর্ব মেদিনীপুর, হাওড়া, দক্ষিণ ২৪ পরগনা এবং হুগলি জেলা প্রথম পাঁচটি জেলার মধ্যে স্থান করে নিয়েছে। কলকাতা ৯৩.৪৫ শতাংশ পাশের হার নিয়ে অষ্টম স্থানে রয়েছে। বিভাগভিত্তিক ফলাফলে বিজ্ঞান বিভাগে পাশের হার ৯৮ শতাংশ, বাণিজ্য বিভাগে ৯৮.১১ শতাংশ এবং কলা বিভাগে ৯১ শতাংশ।

এ বছর মোট ৭১টি বিষয়ে পরীক্ষা নেওয়া হয়েছিল। ২,১০৫টি পরীক্ষাকেন্দ্রে পরীক্ষা সম্পন্ন হয়, যেখানে ২,৪৭৬ জন বিশেষভাবে সক্ষম পরীক্ষার্থী অংশ নিয়েছিল। এছাড়া হাসপাতাল থেকে পরীক্ষা দিয়েছে ৭৩ জন। পরীক্ষার নিয়মভঙ্গের কারণে ১৯টি মোবাইল বাজেয়াপ্ত করা হয়েছে এবং সংশ্লিষ্ট পরীক্ষার্থীদের পরীক্ষা বাতিল করা হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *