মাধ্যমিকের মেধা তালিকা নির্ভুল করতে প্রথম ৩০০ খাতা তিন স্তরে যাচাইয়ের পরিকল্পনা পর্ষদের
পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ মাধ্যমিক পরীক্ষার মেধা তালিকায় থাকা শিক্ষার্থীদের নম্বরের ক্ষেত্রে যাতে কোনো ধরনের ত্রুটি না থাকে, তা নিশ্চিত করতে একটি বিশেষ উদ্যোগ নিচ্ছে। ২০২৭ সালের মাধ্যমিক পরীক্ষা থেকে প্রথম ৩০০টি উত্তরপত্র পুনরায় মূল্যায়নের পরিকল্পনা করা হয়েছে।
পর্ষদ সভাপতি লালু দাস জানিয়েছেন, প্রচলিত পদ্ধতিতে খাতা দেখার পাশাপাশি এই অতিরিক্ত যাচাই প্রক্রিয়া চালু করার কথা ভাবা হচ্ছে। প্রস্তাবিত পরিকল্পনা অনুযায়ী, মূল্যায়নের প্রাথমিক প্রক্রিয়া শেষ হওয়ার পর নম্বরের ভিত্তিতে প্রথম সারিতে থাকা ৩০০টি উত্তরপত্র বাছাই করা হবে। এরপর তিনটি পৃথক স্তরে বিশেষজ্ঞদের তিনটি দল ওই খাতাগুলি পুনরায় মূল্যায়ন করবে।
মেধা তালিকা প্রকাশের পর অনেক সময় উত্তরপত্র পুনরায় পরীক্ষা করানোর ফলে শিক্ষার্থীদের নম্বরে পরিবর্তন আসে, যা মেধা তালিকায় প্রভাব ফেলে। এই ধরনের অসঙ্গতি দূর করতেই পর্ষদ এই পদক্ষেপের কথা ভাবছে। পর্ষদ সভাপতির মতে, শিক্ষার্থীদের কাছে প্রতিটি নম্বর অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং একটি নম্বরের পার্থক্যে মেধা তালিকায় অবস্থানের পরিবর্তন হতে পারে। তাই কোনো শিক্ষার্থী যাতে মূল্যায়নের ত্রুটির কারণে বঞ্চিত না হয়, তা নিশ্চিত করাই এই পরিকল্পনার মূল লক্ষ্য।
তবে পর্ষদ সূত্রে জানানো হয়েছে, বিষয়টি এখনও চূড়ান্ত সিদ্ধান্তের পর্যায়ে পৌঁছয়নি এবং বর্তমানে এটি কেবল ভাবনাচিন্তার স্তরে রয়েছে।