চিংড়িঘাটার পর এবার ভাঙা হচ্ছে কবি সুভাষ, দ্রুত মেট্রো পরিষেবা স্বাভাবিক করার মেগা প্রস্তুতি শুরু!

কলকাতা মেট্রোর পরিকাঠামোয় বড়সড় বদল আসতে চলেছে। চিংড়িঘাটার পর এবার কবি সুভাষ মেট্রো স্টেশন সম্পূর্ণ ভেঙে নতুন করে গড়ে তোলার কাজ শুরু হচ্ছে। প্রায় এক বছর পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকার পর, আজ রবিবার থেকেই এই স্টেশনের ভাঙার প্রাথমিক প্রস্তুতি নেওয়া শুরু হয়েছে। মেট্রো কর্তৃপক্ষের লক্ষ্য, আগামী সপ্তাহের মধ্যেই ভাঙার মূল কাজ শুরু করে চলতি বছরের ডিসেম্বরের মধ্যে কবি সুভাষ স্টেশনকে সম্পূর্ণ নতুন রূপে সাধারণ মানুষের জন্য ফিরিয়ে দেওয়া।

পিলারে ফাটল ও বন্ধ পরিষেবা

গত ২০২৫ সালের ২৮ জুলাই কবি সুভাষ মেট্রো স্টেশনের পিলারে প্রথম ফাটল ধরা পড়ে। এরপর একে একে একাধিক পিলারে ফাটলসহ নানা গুরুতর প্রযুক্তিগত ত্রুটি দৃশ্যমান হওয়ায় যাত্রী নিরাপত্তার স্বার্থে কবি সুভাষ থেকে ট্রেন চলাচল সম্পূর্ণ বন্ধ করে দিতে বাধ্য হয় কর্তৃপক্ষ। বর্তমানে দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষের পরিবর্তে কেবল শহিদ ক্ষুদিরাম স্টেশন পর্যন্ত ব্লু লাইনের মেট্রো চলাচল করছে। স্টেশনটি দীর্ঘদিন অব্যবহৃত থাকায় এবং দক্ষিণ শহরতলির অন্যতম গুরুত্বপূর্ণ এই রুটে যাত্রী ভোগান্তি কমাতেই অবশেষে স্টেশনটি পুনর্নির্মাণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

রেক রিভার্সাল ও আজকের বিশেষ সূচি

এই নির্মাণকাজের জেরে আজ রবিবার মহানায়ক উত্তম কুমার থেকে শহিদ ক্ষুদিরাম স্টেশন পর্যন্ত মেট্রো পরিষেবা সম্পূর্ণ বন্ধ রাখা হয়েছে। মূলত শহিদ ক্ষুদিরাম স্টেশনে ট্রেনের মুখ ঘোরানোর জন্য ‘রেক রিভার্সাল’ ব্যবস্থা সুনিশ্চিত করতেই এই সাময়িক পদক্ষেপ। বর্তমানে ব্লু লাইনের প্রান্তিক স্টেশন হিসেবে শহিদ ক্ষুদিরাম ব্যবহৃত হলেও সেখানে কোনো স্থায়ী ক্রসওভার বা ট্রেন ঘোরানোর পরিকাঠামো নেই। ফলে দক্ষিণেশ্বর থেকে আসা যাত্রীবোঝাই ট্রেনগুলো এখানে খালি করার পর, রেকগুলোকে ফাঁকা অবস্থায় কবি সুভাষ স্টেশনে নিয়ে গিয়ে মুখ ঘুরিয়ে ফের শহিদ ক্ষুদিরামে আপ লাইনে ফিরিয়ে আনতে হতো।

চলতি বছরের জানুয়ারি মাসে এই ‘রেক রিভার্সাল’ কাজের অনুমোদন দেয় কমিশনার অফ রেলওয়ে সেফটি (সিআরএস)। আজ সেই প্রযুক্তিগত কাজটি সম্পন্ন হয়ে গেলে শহিদ ক্ষুদিরাম থেকেই ট্রেন ঘোরানো সম্ভব হবে। এর ফলে একদিকে যেমন কবি সুভাষ স্টেশন সম্পূর্ণ ভেঙে নতুন করে তৈরির কাজে কোনো বাধা থাকবে না, তেমনই ডিসেম্বরের মধ্যে নতুন স্টেশন চালু হলে আবারও দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ পর্যন্ত স্বাচ্ছন্দ্যে যাতায়াত করতে পারবেন মহানগরীর লক্ষ লক্ষ যাত্রী।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *