তেলের দামে স্বস্তি, বিশ্ব বাণিজ্যে ফিরছে শান্তি!
বিশ্ব বাণিজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ পথ ‘হরমোজ প্রণালী’ দিয়ে বাণিজ্যিক জাহাজ চলাচলে বাধা না দেওয়ার ঘোষণা দিয়েছে ইরান। লেবাননে যুদ্ধবিরতি কার্যকর থাকা পর্যন্ত এই সামুদ্রিক পথ উন্মুক্ত থাকবে বলে জানিয়েছেন দেশটির বিদেশমন্ত্রী আব্বাস আরাঘচি। এই ঘোষণার পর আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম প্রায় ১০ শতাংশ হ্রাস পেয়েছে। ইরান প্রতিশ্রুতি দিয়েছে যে, ভবিষ্যতে এই জলপথকে তারা আর অবরোধ করবে না বা বিশ্ব সম্প্রদায়ের বিরুদ্ধে অস্ত্র হিসেবে ব্যবহার করবে না।
ইরানের এই পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে চূড়ান্ত কোনো চুক্তি না হওয়া পর্যন্ত এই পথে মার্কিন নৌবাহিনীর কঠোর নজরদারি ও বিধিনিষেধ বলবৎ থাকবে। এদিকে, ইসরায়েল ও লেবাননের মধ্যে ১০ দিনের যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পাশাপাশি এই করিডোর খুলে দেওয়ার সিদ্ধান্তকে ইতিবাচক হিসেবে দেখছে ব্রিটেন ও ফ্রান্স। তবে উভয় দেশই এই পথটিকে স্থায়ীভাবে উন্মুক্ত রাখার দাবি জানিয়েছে। সমুদ্রপথের নিরাপত্তা নিশ্চিত করার বিষয়ে আলোচনার জন্য আগামী সপ্তাহে লন্ডনে একটি আন্তর্জাতিক বৈঠক অনুষ্ঠিত হবে।