ট্রেনের টিকিট কাটছেন? জেনে নিন নতুন নিয়মের বড় বদল!
১ জুন থেকে দূরপাল্লার ট্রেনের টিকিট কাটার নিয়মে বড় ধরনের পরিবর্তন আনল ভারতীয় রেল। ট্রেনের কামরায় অস্বাভাবিক ভিড় নিয়ন্ত্রণ এবং যাত্রীদের স্বাচ্ছন্দ্য নিশ্চিত করার লক্ষ্যে এখন থেকে স্লিপার ও এসি উভয় ক্ষেত্রেই ওয়েটিং লিস্টের টিকিটের সংখ্যা নির্দিষ্ট করে দেওয়া হয়েছে। নির্ধারিত এই সীমার বাইরে আর কোনো ওয়েটিং লিস্টের টিকিট ইস্যু করা হবে না।
নতুন নিয়ম অনুযায়ী, স্লিপার কোচের মোট আসনের সর্বোচ্চ ৩০ শতাংশ বা ১৫০ থেকে ২০০টি পর্যন্ত টিকিট ওয়েটিং লিস্টে রাখা যাবে। অন্যদিকে, এসি কোচের ক্ষেত্রে ওয়েটিং লিস্টের সর্বোচ্চ সীমা বেঁধে দেওয়া হয়েছে মোট আসনের ৬০ শতাংশ পর্যন্ত। এই নির্ধারিত কোটা পূর্ণ হয়ে গেলে সাধারণ যাত্রীরা আর ওয়েটিং লিস্টে টিকিট কাটার সুযোগ পাবেন না। রেল কর্তৃপক্ষের আশা, এর ফলে কামরায় অতিরিক্ত ভিড় কমবে এবং অপেক্ষমাণ যাত্রীদের আসন কনফার্ম হওয়ার সম্ভাবনা বৃদ্ধি পাবে।