ফুটবল বিশ্বকাপে বিনা পয়সার টিকিট! অবাক কাণ্ড ঘিরে শোরগোল
আর মাত্র ছয় দিন পর মার্কিন যুক্তরাষ্ট্রে শুরু হতে যাওয়া ফুটবল বিশ্বকাপকে কেন্দ্র করে ফিফার অফিসিয়াল ওয়েবসাইটে বড় ধরনের যান্ত্রিক ত্রুটি দেখা দিয়েছে। টরন্টোয় আয়োজিত ম্যাচগুলোর টিকিট কাটার সময় অন্তত ৬০ জন দর্শক কোনো মূল্য পরিশোধ করা ছাড়াই টিকিট পেয়ে যান। চেকআউটের সময় অর্থ প্রদানের অপশন না থাকায় বিষয়টি দ্রুত জানাজানি হয় এবং এ নিয়ে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।
বিশ্বকাপের টিকিটের আকাশছোঁয়া দাম নিয়ে সাধারণ দর্শকদের মধ্যে দীর্ঘদিনের ক্ষোভের মাঝেই এই প্রযুক্তিগত ত্রুটির ঘটনা নতুন বিতর্কের জন্ম দিয়েছে। চার বছর আগের তুলনায় টিকিটের দাম প্রায় ৩৮ গুণ বৃদ্ধি পাওয়ায় ফুটবলপ্রেমীদের মধ্যে তীব্র অসন্তোষ বিরাজ করছে। এদিকে, যান্ত্রিক ত্রুটি স্বীকার করে নিয়েছে ফিফা। সংস্থাটি জানিয়েছে, বিনামূল্যে টিকিট পাওয়া ওই ৬০ জনকে আগামী সাতদিনের মধ্যে টিকিটের নির্ধারিত মূল্য পরিশোধ করতে হবে, অন্যথায় টিকিটগুলো বাতিল বলে গণ্য হবে।
টিকিট বিক্রির এই অব্যবস্থাপনার জেরে ফিফা নতুন করে আইনি জটিলতায় পড়েছে। টিকিটের অতিরিক্ত দাম নির্ধারণের পদ্ধতি এবং সার্বিক বিক্রয় প্রক্রিয়া নিয়ে আমেরিকার আদালত ইতিমধ্যে তদন্ত শুরু করেছে। সাধারণ দর্শকদের অভিযোগ, ফুটবলের বাণিজ্যিকীকরণের ফলে এই খেলা এখন কেবল বিত্তশালীদের নাগালে চলে যাচ্ছে। এমন পরিস্থিতিতে আদালতের তদন্ত বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থাটির অস্বস্তি আরও বাড়িয়ে দিয়েছে।