কলকাতা পুরসভার মেয়র পদ থেকে ফিরহাদ হাকিমের ইস্তফা, হঠাৎ এমন সিদ্ধান্তে তোলপাড় বঙ্গ রাজনীতি!
ছাব্বিশের বিধানসভা নির্বাচনের ফলাফলের পর তৈরি হওয়া রাজনৈতিক অস্থিরতার আবহে কলকাতা পুরসভার মেয়র পদ থেকে ইস্তফা দিলেন প্রবীণ রাজনীতিক ফিরহাদ হাকিম। ২০১৮ সাল থেকে ২০২৬ সাল পর্যন্ত দীর্ঘ আট বছর এই দায়িত্ব পালনের পর, পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতিতে পদে না থাকার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। পদত্যাগের পর তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানিয়ে নিজের দীর্ঘ কার্যকালের খতিয়ান তুলে ধরেছেন প্রাক্তন এই মেয়র।
নিজের দীর্ঘ মেয়াদে কোভিড মহামারির মোকাবিলায় ভ্যাকসিনের ট্রায়াল নিজের শরীরে নেওয়া এবং আমফান ঘূর্ণিঝড়ের পরবর্তী বিপর্যয় কাটিয়ে তিন দিনের মধ্যে শহরকে সচল করার মতো একাধিক চ্যালেঞ্জ সামলেছেন তিনি। এছাড়া ‘টক টু মেয়র’, হোয়াটসঅ্যাপ পরিষেবা ও বায়োমেট্রিক ব্যবস্থার মাধ্যমে নাগরিক পরিষেবাকে সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়াকেও তিনি নিজের অন্যতম সাফল্য হিসেবে উল্লেখ করেছেন। প্রশাসনিক সংস্কারের ক্ষেত্রে বেআইনি নির্মাণ রোধ, অনলাইন প্ল্যান স্যাংশন, বায়ুদূষণ মোকাবিলায় বৃক্ষরোপণ এবং জলনিকাশি ব্যবস্থার আধুনিকীকরণকে তিনি গুরুত্ব দিয়েছেন। তবে, শহরের জল সরবরাহ সংক্রান্ত বেশ কিছু কাজ অসম্পূর্ণ থেকে যাওয়ায় ইস্তফাপত্রে আক্ষেপ প্রকাশ করেছেন তিনি। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, ফিরহাদ হাকিমের এই পদত্যাগ রাজ্য রাজনীতি ও কলকাতা পুরসভার প্রশাসনিক কাঠামোয় বড় প্রভাব ফেলবে।