ফের বিস্ফোরক অনুব্রত, জেল-থানাকে তুচ্ছজ্ঞান করে তোলপাড়!
পূর্ব বর্ধমানের মঙ্গলকোটের জনসভা থেকে নির্বাচন কমিশন এবং কেন্দ্রীয় বাহিনীকে সরাসরি চ্যালেঞ্জ ছুঁড়ে দিলেন বীরভূমের তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল। আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে তিনি কমিশনের বিধিনিষেধ ও কেন্দ্রীয় বাহিনীর টহল নিয়ে তীব্র আক্রমণাত্মক অবস্থান নিয়েছেন। এদিনের জনসভায় তিনি নিজেকে ও নিজের এলাকাকে ‘রয়েল বেঙ্গল টাইগার’ হিসেবে অভিহিত করে বিরোধীদের হুঁশিয়ারি দিয়েছেন এবং জেলকে নিজের ‘ঘরবাড়ি’ ও থানাকে ‘আড্ডাখানা’ বলে মন্তব্য করেছেন।
কমিশনের প্রশাসনিক তৎপরতা ও কেন্দ্রীয় বাহিনীর উপস্থিতিকে বাংলার মানুষের প্রতি ‘অপমান’ হিসেবে উল্লেখ করে অনুব্রত মণ্ডল বলেন, অতিরিক্ত সক্রিয়তা দেখালে ফল ভালো হবে না। তিনি একইসঙ্গে দাবি করেন যে, আসন্ন বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস রাজ্যে ২৩০ থেকে ২৩৫টি আসনে জয়ী হবে। তার এই মন্তব্যকে ঘিরে রাজনৈতিক মহলে বিতর্কের সৃষ্টি হয়েছে, যা নির্বাচনী আবহে উত্তেজনার পারদ চড়িয়েছে।