ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে জেল বানাতে হবে, তৃণমূলকে তীব্র আক্রমণ শুভেন্দুর

নিজস্ব প্রতিবেদন: রাজ্যের আগের সরকারের বিরুদ্ধে দুর্নীতির পাহাড় প্রমাণ অভিযোগ তুলে তীব্র আক্রমণ শানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। রবিবার নিউ টাউন কনভেনশন সেন্টারে বিজেপির একটি বিশেষ প্রশিক্ষণ শিবিরে যোগ দিয়ে তিনি দাবি করেন, সরকারি প্রতিটি কাজের প্রতিটি স্তরে দুর্নীতি শিকড় গেড়েছে। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে, সেই সব দুর্নীতির তদন্তে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডকে ‘জেলখানা’ বানাতে হতে পারে।

দুর্নীতির খতিয়ান:

লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের প্রসঙ্গ টেনে মুখ্যমন্ত্রী দাবি করেন, বিগত সরকারের আমলে এই প্রকল্পে ব্যাপক অনিয়ম হয়েছে। তাঁর কথায়, “আমরা ২৭ লক্ষ এমন ব্যক্তিকে চিহ্নিত করেছি, যাঁদের ভোটার তালিকায় নামই নেই। আবার ৩ লক্ষ পুরুষও এই তালিকায় অন্তর্ভুক্ত ছিলেন।” উদাহরণস্বরূপ তিনি মুর্শিদাবাদ ও কৃষ্ণনগরের বেশ কিছু পরিসংখ্যান তুলে ধরে এটিকে ‘ভয়ঙ্কর দুর্নীতি’ বলে অভিহিত করেন। তিনি স্পষ্ট জানান, যে কাজেই হাত দেওয়া হচ্ছে, সেখান থেকেই পচা-দুর্গন্ধ বের হচ্ছে।

সাংগঠনিক ও সরকারি বার্তা:

দলের কর্মীদের উদ্দেশে মুখ্যমন্ত্রী সতর্কবার্তা দিয়ে বলেন, ক্ষমতায় এসেছেন বলে কারও মধ্যে যেন দম্ভ তৈরি না হয়। তাঁর কথায়, “আমি নয়, আমরা—এই মন্ত্রে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।” তিনি জানান, সরকারি প্রকল্পের সুফল যাতে সঠিক মানুষের কাছে পৌঁছায়, তা নিশ্চিত করা দলের দায়িত্ব। সেই সঙ্গে তিনি মনে করিয়ে দেন, বিজেপির নির্বাচনী সঙ্কল্পপত্রের প্রতিশ্রুতিগুলো এক মাসের মধ্যেই কার্যকর করা শুরু হয়েছে।

শপথ ও পদক্ষেপ:

মুখ্যমন্ত্রী জানান, বিজেপি কর্মীদের ‘আত্মবলিদান’-এর স্মৃতির উদ্দেশ্যে সরকারি স্তরে শোকপ্রস্তাব গ্রহণ করা হয়েছে এবং তাঁদের পরিবারগুলোর আর্থিক দায়িত্ব নেওয়ার পাশাপাশি চাকরির ব্যবস্থাও করা হচ্ছে। এছাড়া সীমান্তে সুরক্ষা নিশ্চিত করতে বিএসএফকে জমি হস্তান্তরের কাজ দ্রুত গতিতে চলছে বলে জানান তিনি।

অনুপ্রবেশকারী ও জনগণনা:

অনুপ্রবেশকারীদের বিষয়ে কড়া অবস্থান নিয়ে শুভেন্দু অধিকারী জানান, ৪,৮০০ জনকে ইতিমধ্যে ফেরত পাঠানো হয়েছে এবং হোল্ডিং সেন্টারে থাকা বাকিদেরও পাঠানোর প্রক্রিয়া চলছে। পাশাপাশি, আগামী ১ অগস্ট থেকে রাজ্যে জনগণনা শুরু হতে চলেছে। ১৫ অগস্ট পর্যন্ত বাড়ি বাড়ি সমীক্ষা এবং ১৬ অগস্ট থেকে ১৪ সেপ্টেম্বর সদস্যসংখ্যার গণনার কাজ হবে। এর ভিত্তিতেই পরবর্তীতে ডিলিমিটেশন এবং জাতি জনগণনার কাজ সম্পন্ন হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *