টাকি পুরসভায় পাহাড়প্রমাণ দুর্নীতি, হাইকোর্টের দ্বারস্থ খোদ শাসক দলের কাউন্সিলর!
টাকি পুরসভার বিরুদ্ধে আর্থিক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তুলে কলকাতা হাই কোর্টে মামলা দায়ের করেছেন তৃণমূলেরই কাউন্সিলর প্রদ্যুৎ দাস। ২০১৮ থেকে ২০২২ সাল পর্যন্ত পুরসভার অডিট রিপোর্ট বিশ্লেষণের ভিত্তিতে করা এই মামলায় অভিযোগ করা হয়েছে যে, পুরপ্রধান ব্যক্তিগত স্বার্থে অসাধু উপায়ে আর্থিক সুবিধা নিয়েছেন। এ বিষয়ে সরকারি দপ্তরে অভিযোগ জানিয়েও কোনো সুরাহা না মেলায় শেষপর্যন্ত আদালতের শরণাপন্ন হয়েছেন বলে জানিয়েছেন মামলাকারী।
অভিযোগ অনুযায়ী, পুরসভার এক নিম্নমান সহকারীর ব্যক্তিগত অ্যাকাউন্টে নিয়মবহির্ভূতভাবে ৭২ লক্ষ ৭২ হাজার টাকা লেনদেন করা হয়েছে এবং ইছামতি নদীতে ভাসমান রেস্তোরাঁ তৈরির নামে প্রায় ৮০ লক্ষ টাকা আত্মসাৎ করা হয়েছে। এছাড়া সোনার বাংলা হোটেলের জন্য সরকারি জমি মাত্র ১২০ টাকা বাৎসরিক লিজে দেওয়া এবং নামমাত্র মূল্যে ৪ বিঘা জমি ইটভাটার জন্য বরাদ্দের মতো অনিয়মের অভিযোগও আনা হয়েছে। এই দুর্নীতির বিরুদ্ধে মুখ খোলায় প্রাণের হুমকি পাওয়ার দাবি জানিয়ে প্রদ্যুৎ দাস সোমবার ই-মেইলের মাধ্যমে বসিরহাটের মহকুমা শাসকের কাছে কাউন্সিলর পদ থেকে ইস্তফাপত্র জমা দিয়েছেন। হাই কোর্টের প্রধান বিচারপতি সুজয় পালের ডিভিশন বেঞ্চে চলতি সপ্তাহে এই মামলার শুনানি হওয়ার কথা রয়েছে।