চরম অর্থকষ্টে পাকিস্তান, এশিয়াডে যেতে পকেট কাটবে খেলোয়াড়দের!
চরম আর্থিক সংকটের কারণে আসন্ন এশিয়ান গেমসে অংশগ্রহণকারী খেলোয়াড়দের নিজস্ব খরচে জাপানে যাওয়ার নির্দেশ দিয়েছে পাকিস্তান টেবিল টেনিস ফেডারেশন (পিটিটিএফ)। ফেডারেশন জানিয়েছে, বোর্ড থেকে কোনো প্রকার আর্থিক সহায়তা না পাওয়ায় খেলোয়াড়দের নিজেদের বিমানের টিকিট কাটার পাশাপাশি জাপানে প্রতিদিনের আনুষঙ্গিক খরচের জন্য ৫০ মার্কিন ডলারের ব্যবস্থা নিজেদেরই করতে হবে। ১৯ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর পর্যন্ত জাপানের নাগোয়ায় অনুষ্ঠিতব্য এই গেমসের জন্য সরকারি কোনো অনুদান না মেলায় খেলোয়াড়দের মধ্যে বড় ধরনের হতাশা তৈরি হয়েছে।
বর্তমানে লাহোরে আয়োজিত জাতীয় ট্রায়ালে অংশ নেওয়া খেলোয়াড়দের যাতায়াত বা দৈনিক কোনো ভাতাও প্রদান করছে না ফেডারেশন। পাকিস্তান স্পোর্টস বোর্ডের তহবিলের অভাব ও উদাসীনতার কারণেই এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে বলে জানানো হয়েছে। আন্তর্জাতিক মানের এই মেগা ইভেন্টে অংশ নেওয়ার আগে সরকারি সহায়তার এই নিদারুণ অভাব এবং নিজেদের খরচে খেলার সিদ্ধান্ত পাকিস্তানের টেবিল টেনিস দলের খেলোয়াড়দের মনোবল ও পারফরম্যান্সে নেতিবাচক প্রভাব ফেলবে বলে আশঙ্কা করা হচ্ছে।