জল্পনাই সত্যি হলো, ডেডলাইনের আগেই খালি হলো তৃণমূল ভবন!
June 17, 2026
রাজনৈতিক মহলের জল্পনাকে সত্যি করে মঙ্গলবার রাতে তড়িঘড়ি ইএম বাইপাসের মেট্রোপলিটন এলাকার ‘তৃণমূল ভবন’ খালি করার কাজ শুরু হয়েছে। মেট্রোপলিটন দুর্গা বাড়ির পাশে অবস্থিত শাসকদলের এই কার্যালয়টি খালি করার প্রক্রিয়ায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। বাড়িওয়ালার বেঁধে দেওয়া দুই মাসের সময়সীমা শেষ হওয়ার আগেই হঠাৎ এই পদক্ষেপ নিল দল।
ভবনটির মালিক মন্টু সাহা গত মে মাসে তৃণমূল নেতৃত্বকে কার্যালয়টি খালি করার নির্দেশ দিয়েছিলেন এবং এর জন্য দুই মাসের সময়সীমা বেঁধে দেন। নির্ধারিত সময়ের আগেই মঙ্গলবার রাতে কার্যালয়টির দুটি ফ্লোর থেকে দলীয় নথিপত্র ও আসবাবপত্র সরিয়ে ফেলা হয়েছে। দলের পক্ষ থেকে জানানো হয়েছে, ভবনের বাকি অংশ থেকেও অত্যন্ত দ্রুততার সাথে জিনিসপত্র সরানোর কাজ চলছে এবং আগামী কয়েকদিনের মধ্যেই পুরো বাড়িটি মালিকের হাতে তুলে দেওয়া হবে।