রেলের বুলডোজারে বড় ধাক্কা হাইকোর্টের, পুনর্বাসন ছাড়া উচ্ছেদ নয়!
রাজ্যজুড়ে বিভিন্ন রেল স্টেশনে হকার উচ্ছেদ অভিযানের ওপর আগামী ৩১ জুন পর্যন্ত অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ জারি করল কলকাতা হাইকোর্ট। বালিগঞ্জ, যাদবপুর ও বনগাঁসহ ২৫টি স্টেশনের হকাররা আকস্মিক উচ্ছেদ ও রুটি-রুজি হারানোর আশঙ্কায় আদালতের দ্বারস্থ হলে বিচারপতি হিরণ্ময় ভট্টাচার্যের একক বেঞ্চ এই নির্দেশ দেন। আদালত স্পষ্ট জানিয়েছে, উচ্ছেদের আগে রেল কর্তৃপক্ষকে সশরীরে সংশ্লিষ্ট এলাকা পরিদর্শন করে বিস্তারিত রিপোর্ট জমা দিতে হবে এবং যাদের বৈধ অনুমতি রয়েছে, তাদের বাধ্যতামূলকভাবে আইনি নোটিশ দিতে হবে।
বিচারপতি রেলের একতরফা উচ্ছেদ প্রক্রিয়ার সমালোচনা করে পুনর্বাসনের বিষয়টি সহানুভূতির সঙ্গে বিবেচনা করার নির্দেশ দিয়েছেন। আদালত জানিয়েছে, রেল জমি উদ্ধারের অধিকারী হলেও উচ্ছেদের আগে হকারদের জন্য বিকল্প ব্যবস্থার পরিকল্পনা সরকারকে জানাতে হবে। মামলায় হকারদের পক্ষে আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য মৌলিক অধিকার লঙ্ঘনের অভিযোগ তুললে এবং রেল কর্তৃপক্ষ আইনত জমি দখলের দাবির কথা জানালে, উভয় পক্ষের বক্তব্য শুনে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উচ্ছেদে স্থগিতাদেশ বহাল রাখার সিদ্ধান্ত নিয়েছে আদালত।