ইএফআর বাহিনীর হারানো গৌরব ফেরাতে ঐতিহাসিক পথে শুভেন্দু!

দুই বিশ্বযুদ্ধসহ ১৯৬৫ ও ১৯৭১ সালের ভারত-পাকিস্তান যুদ্ধে সাহসিকতার পরিচয় দেওয়া ঐতিহ্যবাহী ইস্টার্ন ফ্রন্টিয়ার রাইফেলস (ইএফআর)-কে পুনরুজ্জীবিত করার ঘোষণা দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। দীর্ঘ কয়েক দশক ধরে অবহেলা ও উপেক্ষার শিকার এই বাহিনীকে নতুন রূপ দিতে সরকার ১০০০ জনবল নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে। দার্জিলিং ও কার্শিয়ংয়ের জনসভা থেকে মুখ্যমন্ত্রী জানিয়েছেন, আগামী কয়েক সপ্তাহের মধ্যেই এই নিয়োগ প্রক্রিয়া শুরু হবে। নতুন এই নিয়োগে নারী ও পুরুষের সমতা বজায় রাখতে ৩০ শতাংশ পদ নারীদের জন্য সংরক্ষিত রাখা হয়েছে।

২০১০ সালের ১৫ ফেব্রুয়ারি শিলদা ক্যাম্পে মাওবাদী হামলায় ২৪ জন জওয়ানের মৃত্যুর পর ইএফআর বাহিনী সাংগঠনিকভাবে দুর্বল হয়ে পড়ে এবং এরপর থেকে আধুনিকীকরণের অভাবে এটি প্রায় নিস্তেজ হয়ে পড়েছিল। এবার এই বাহিনীর হৃত গৌরব ফেরাতে ও আধুনিকায়নের লক্ষ্যে বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে। প্রশাসনিক ও কৌশলগত মহলের ধারণা, পুনর্গঠিত এই বাহিনীকে বাংলাদেশ সীমান্তে মোতায়েন করা হতে পারে, যা রাজ্যের সীমান্ত সুরক্ষা ও আইনশৃঙ্খলা রক্ষায় নতুন শক্তির সঞ্চার করবে। গোর্খা সম্প্রদায়ের বীরত্বকে কেন্দ্র করে গড়ে ওঠা এই প্রাচীন বাহিনীর পুনরুজ্জীবন একই সঙ্গে পাহাড়ে কর্মসংস্থানের সুযোগ তৈরি করবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *