সরকার বদলাতেই ম্যাজিক, অনুব্রতর গড় থেকে কোষাগারে ৭ গুণ বেশি রাজস্ব!
বীরভূমের পাথর খাদানগুলোতে দুর্নীতি বন্ধ ও স্বচ্ছতা আনার ফলে এক মাসের ব্যবধানে রাজ্যের রাজস্ব আদায় প্রায় সাত গুণ বৃদ্ধি পেয়েছে। রাজ্যের মন্ত্রী ও সিউড়ির বিধায়ক জগন্নাথ চট্টোপাধ্যায়ের দেওয়া তথ্য অনুযায়ী, ১৭ মে থেকে ১৬ জুন পর্যন্ত জেলার ১০টি পাথরের চেক গেট থেকে মোট ৭২ কোটি ৭৮ লক্ষ টাকা রাজস্ব আদায় হয়েছে, যেখানে আগের মাসে এই সংগ্রহের পরিমাণ ছিল ৯ কোটি ৮০ লক্ষ টাকা। প্রশাসনের দাবি, বালি ও পাথরের সিন্ডিকেটরাজ খতম করতে দৃঢ় রাজনৈতিক সদিচ্ছা ও ডিসিআর (DCR) আদায়ে কড়া পদক্ষেপ নেওয়ায় এই বিপুল পরিমাণ অর্থ সরাসরি সরকারি কোষাগারে জমা পড়ছে।
আবহাওয়া অনুকূল থাকলে আগামী মাসে এই রাজস্ব আদায়ের পরিমাণ ১০০ কোটি টাকা ছাড়িয়ে যেতে পারে বলে প্রশাসনের আশা। রাজ্য সরকারের পরিকল্পনা অনুযায়ী, রাজস্ব বৃদ্ধির ফলে সরকারি কোষাগার মজবুত হওয়ার পাশাপাশি এই জেলার আবাস যোজনার উপভোক্তাদের বাজারদরের চেয়ে কম দামে বালি সরবরাহ করা হবে। বীরভূমে এই জনকল্যাণমূলক উদ্যোগ সফল হলে তা পরবর্তীতে গোটা রাজ্যে কার্যকর করার বিষয়টিও বিবেচনায় রয়েছে।