টলিপাড়ার জট কাটাতে একমঞ্চে দেব ও হিরণ!

পশ্চিমবঙ্গের চলচ্চিত্র ও টেলিভিশন শিল্পের দীর্ঘদিনের অস্থিরতা কাটাতে এবং তথ্য ও সংস্কৃতি দফতরে প্রশাসনিক সংস্কারের লক্ষ্যে নবান্ন ১৯ সদস্যের একটি শক্তিশালী উপদেষ্টা কমিটি গঠন করেছে। গত ৮ জুন আয়োজিত এক উচ্চপর্যায়ের রুদ্ধদ্বার বৈঠকের পর এই সিদ্ধান্ত নেওয়া হয়। এই কমিটিতে টলিপাড়ার তারকা রাজনীতিক দেব ও হিরণ্ময় চট্টোপাধ্যায়সহ প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, যিশু সেনগুপ্ত, রূপা গাঙ্গুলি, সৃজিত মুখোপাধ্যায় ও কৌশিক গঙ্গোপাধ্যায়ের মতো ব্যক্তিত্বদের রাখা হয়েছে। প্রশাসনিক দিকটি তদারকির জন্য তথ্য ও সংস্কৃতি দফতরের সচিব ড. সৌমিত্র মোহন এবং চলচ্চিত্র অধিকর্তা কৃত্তিবাস নায়কসহ শীর্ষ আমলাদেরও এই কমিটিতে অন্তর্ভুক্ত করা হয়েছে।

প্রশাসনিক রদবদলের অংশ হিসেবে তথ্য ও সংস্কৃতি দফতরের অধীনে থাকা প্রায় ৪০টি কমিটি ও সংস্থার কাজে স্বচ্ছতা ও গতি ফেরানোর নির্দেশ দেওয়া হয়েছে। একইসঙ্গে টলিপাড়ার গিল্ড ও ফেডারেশনগুলোর কার্যক্রম ১৯২৬ সালের ট্রেড ইউনিয়ন আইন অনুযায়ী পরিচালিত হচ্ছে কি না, তা খতিয়ে দেখতে রেজিস্ট্রারের কাছে রিপোর্ট তলব করা হয়েছে। এছাড়া সরকারি অডিটোরিয়াম ও হল বরাদ্দের ক্ষেত্রে একটি ‘অভিন্ন আবেদন পদ্ধতি’ চালুরও সিদ্ধান্ত নিয়েছে নবান্ন। এই কমিটির মাধ্যমে শিল্পের অভ্যন্তরীণ জটিলতা নিরসন এবং সাধারণ কলাকুশলীদের কর্মসংস্থান সুরক্ষিত করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *