জি৭ সম্মেলনের আড়ালে ফাঁস হওয়া গোপন কথাগুলো কি জানেন!
জি৭ সম্মেলনের আনুষ্ঠানিক ও ভূ-রাজনৈতিক আলোচনার বাইরে বিশ্বনেতাদের ব্যক্তিগত ও অনানুষ্ঠানিক আলাপচারিতা এবার আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে। মঙ্গলবার সম্মেলনের মূল পর্বের আগে ইটালি, জার্মানি, ব্রিটেন ও ইউরোপীয় কাউন্সিলের শীর্ষ নেতারা ধূমপান বর্জন এবং দৈনন্দিন অভ্যাসের বিষয়ে খোশগল্পে মেতে ওঠেন। ইটালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি জানান, তিনি গত এক মাস আগে ধূমপান ছেড়ে দিয়েছেন। এই আলোচনার সূত্র ধরে ইউরোপীয় কাউন্সিলের প্রেসিডেন্ট আন্তোনিও কোস্তা জানান, তিনি দীর্ঘ ২১ বছর ধরে ধূমপান থেকে সম্পূর্ণ দূরে আছেন।
সম্মেলনের অবসরে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর ঘড়ি হারিয়ে যাওয়া এবং তা নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের রসিকতা উপস্থিত নেতাদের মধ্যে হাস্যরসের সৃষ্টি করে। মধ্যাহ্নভোজের পর ম্যাক্রোঁর ঘড়িটি খুঁজে না পাওয়ার বিষয়টি সামনে আনেন কানাডার প্রধানমন্ত্রী মার্ক কারনি। ট্রাম্প তখন ঘড়িটি নিজেকে উপহার হিসেবে দেওয়ার দাবি জানান। এছাড়া ফরাসি প্রেসিডেন্টের পক্ষ থেকে উপহার হিসেবে দেওয়া সাইকেল এবং ডোনাল্ড ট্রাম্পের মুখে গ্রিনল্যান্ড প্রসঙ্গ উঠে আসায় এবারের জি৭ সম্মেলনের গম্ভীর প্রটোকলের মাঝে এক ভিন্ন ও মানবিক আবহের সৃষ্টি হয়।