যোগ দিবসে শহরে মোদী! বাড়ি থেকে বেরোনোর আগে জেনে নিন আজকের রুট গাইড
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে আজ ২১ জুন কলকাতার রেড রোডে আয়োজিত মেগা ইভেন্টে অংশ নিচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রীর এই বিশেষ কর্মসূচিকে কেন্দ্র করে শহরের নিরাপত্তা ও যান চলাচল ব্যবস্থায় বিশেষ পরিবর্তন আনা হয়েছে। অনুষ্ঠানস্থলে আগতদের সকাল ৬টা ১৫ মিনিট থেকে ৬টা ২৫ মিনিটের মধ্যে প্রবেশের নির্দেশ দেওয়া হয়েছে এবং সকাল সাড়ে ৬টায় মূল অনুষ্ঠান শুরু হবে।
প্রধানমন্ত্রীর অনুষ্ঠান উপলক্ষে আজ দুপুর ১২টা পর্যন্ত শহরের একাধিক রাস্তায় যান চলাচল নিয়ন্ত্রণ করা হয়েছে। শনিবার থেকেই বিভিন্ন রুটের গাড়ি ঘুরিয়ে দেওয়া হচ্ছে এবং নির্দিষ্ট কিছু রাস্তায় মালবাহী গাড়ি চলাচলের ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এছাড়া গভর্নমেন্ট প্লেস ইস্ট এবং এসপ্ল্যানেড রো ইস্ট ক্রসিং থেকে পুরনো কোর্ট হাউস স্ট্রিট হয়ে বিবাদী বাগ দক্ষিণ ক্রসিং পর্যন্ত রাস্তা আজ দুপুর ১২টা পর্যন্ত সম্পূর্ণ বন্ধ রাখা হয়েছে।
যোগ দিবস ও আজ আয়োজিত সর্বভারতীয় মেডিক্যাল প্রবেশিকা (NEET-UG) পরীক্ষার কথা মাথায় রেখে কলকাতায় ভোর ৪টে থেকে মেট্রো পরিষেবা শুরু করা হয়েছে। যাত্রীদের সুবিধার্থে এদিন সাধারণ ছুটির দিনের তুলনায় মেট্রোর সংখ্যা বাড়িয়ে মোট ২১৪টি (১০৭টি আপ ও ১০৭টি ডাউন) করা হয়েছে, যা সারাদিন ১৪ থেকে ১৫ মিনিটের ব্যবধানে চলাচল করবে।