ভেঙে গেল একাধিপত্য, বিধানসভার কমিটিতেও ব্রাত্য কালীঘাট!

পশ্চিমবঙ্গ বিধানসভার বিজনেস অ্যাডভাইজারি (বিএ) কমিটির নতুন তালিকায় ঠাঁই মেলেনি কালীঘাটপন্থী কোনো তৃণমূল বিধায়কের। গত ১৯ জুন গঠিত এই কমিটিতে স্পিকার ঋতব্রতপন্থীদেরই তৃণমূলের প্রকৃত প্রতিনিধি হিসেবে স্বীকৃতি দিয়েছেন। এর আগে বিরোধী দলনেতা ও মুখ্য সচেতকের পদ হারানোর পর গুরুত্বপূর্ণ এই কমিটিতে জায়গা না পাওয়া কালীঘাট শিবিরের জন্য একটি বড় রাজনৈতিক ধাক্কা হিসেবে দেখা হচ্ছে।

নতুন কমিটিতে বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায় এবং বিরোধী মুখ্য সচেতক আখরুজ্জামান ছাড়াও ঋতব্রতপন্থী বিধায়ক বিপ্লব মিত্র ও সমীর কুমার জানা অন্তর্ভুক্ত হয়েছেন। আমন্ত্রিত সদস্য হিসেবে আছেন সন্দীপন সাহা ও জাভেদ আহমেদ খান। পাশাপাশি সিপিআইএমের মহম্মদ মোস্তাফিজুর রহমান, আইএসএফের নওশাদ সিদ্দিকী এবং কংগ্রেসের মোহতাব শেখকেও এই কমিটিতে জায়গা দেওয়া হয়েছে।

বিধানসভার কার্য পরিচালনার ক্ষেত্রে বিএ কমিটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, কারণ এই কমিটিই অধিবেশনের সময়সূচি এবং বিল পেশের মতো সিদ্ধান্তগুলো চূড়ান্ত করে। বিগত ১৫ বছর ধরে বিধানসভার এই প্রক্রিয়া কালীঘাট থেকে নিয়ন্ত্রিত হলেও, নতুন কমিটিতে কোনো প্রতিনিধিত্ব না থাকায় সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় কালীঘাটপন্থী বিধায়কদের আর কোনো ভূমিকা থাকবে না। ফলে বিধানসভায় তাদের সংসদীয় প্রভাব অনেকটাই খর্ব হলো বলে মনে করা হচ্ছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *