বিজেপি অফিসে ডেকে ২৩ লাখের খাঁড়া! চরম হুমকিতে আত্মঘাতী তৃণমূল নেতা?
বর্ধমান ১ নম্বর পঞ্চায়েত সমিতির প্রাক্তন কর্মাধ্যক্ষ ও ব্লক তৃণমূল নেতা স্বরূপ রানা বিষপানে আত্মহত্যা করেছেন। মঙ্গলবার সকালে গুরুতর অসুস্থ অবস্থায় তাকে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। নিহতের পরিবারের অভিযোগ, স্থানীয় বিজেপি কর্মীরা স্বরূপ রানাকে তাদের পার্টি অফিসে ডেকে নিয়ে ৫০ লক্ষ টাকা দাবি করেন এবং পরে জোরপূর্বক ২৩ লক্ষ টাকা দেওয়ার জন্য মুচলেকা লিখিয়ে নেন। টাকা না দিলে পরিবারসহ গ্রামছাড়া করার হুমকির জেরে তিনি চরম মানসিক অবসাদে ভুগছিলেন।
পরিবারের দাবি অনুযায়ী, গত সোমবার স্বরূপ রানাকে স্থানীয় বিজেপি কার্যালয়ে আটকে রাখা হয় এবং সাত দিনের মধ্যে মোটা অঙ্কের টাকা মেটানোর হুমকি দেওয়া হয়। এই ভয়াবহ মানসিক চাপের কারণেই তিনি আত্মহননের পথ বেছে নেন। ঘটনার তদন্ত শুরু করেছে দেওয়ানদিঘি থানার পুলিশ। উল্লেখ্য, স্বরূপ রানা দীর্ঘ সময় বর্ধমান ১ নম্বর পঞ্চায়েত সমিতির খাদ্য ও মৎস্য কর্মাধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করেছেন। এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে এবং অভিযুক্তদের কঠোর শাস্তির দাবি উঠেছে। তবে এই বিষয়ে স্থানীয় বিজেপি নেতৃত্বের পক্ষ থেকে এখনো কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।