বিয়ের কার্ডে বর-কনের জন্মতারিখ কেন এখন বাধ্যতামূলক?
বাল্যবিবাহ নির্মূল করতে মহারাষ্ট্র সরকার বিয়ের নিমন্ত্রণপত্রে হবু বর ও কনের আসল জন্মতারিখ ছাপানো বাধ্যতামূলক করার উদ্যোগ নিয়েছে। রাজ্যের মহিলা ও শিশু কল্যাণ মন্ত্রী অদিতি তটকরে বিধানসভায় জানিয়েছেন, আগামী পাঁচ বছরের মধ্যে রাজ্যে বাল্যবিবাহের হার ১০ শতাংশের নিচে নামিয়ে আনাই প্রশাসনের মূল লক্ষ্য। এই নিয়ম চালুর ক্ষেত্রে রাজস্থানের মডেল অনুসরণ করা হচ্ছে এবং এ বিষয়ে মহারাষ্ট্র সরকার রাজস্থান প্রশাসনের সঙ্গে যোগাযোগও করেছে।
সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, শুধু নাবালিকার পরিবার নয়, এই বেআইনি কাজে মদত দেওয়া পুরোহিত, মৌলবি কিংবা ব্যান্ড পার্টির বিরুদ্ধেও কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে। বর্তমানে প্রশাসনের নজরদারির ফলে রাজ্যে বাল্যবিবাহের হার ২১.৯ শতাংশ থেকে কমে ১৯.৬ শতাংশে দাঁড়িয়েছে। পরিযায়ী শ্রমিকদের মধ্যে বাল্যবিবাহের প্রবণতা কমাতে সচেতনতা বৃদ্ধি ও শিশুদের জন্য আবাসিক হোম তৈরির পাশাপাশি বিয়ের কার্ডে জন্মতারিখ ছাপানোর নিয়মটি কার্যকর হলে গ্রামীণ স্তরে জাল নথির সাহায্যে নাবালিকা বিয়ে বন্ধ করা সম্ভব হবে বলে ধারণা করা হচ্ছে।