তারাতলায় গুদাম ধসের ঘটনায় তোলপাড়, পুলিশের জালে ৩!
কলকাতার তারাতলায় নির্মীয়মাণ গুদাম ভেঙে পড়ার ঘটনায় গাফিলতির অভিযোগে তিনজনকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ। ঘটনার নেপথ্যে থাকা গাফিলতি খতিয়ে দেখতে ভারতীয় ন্যায় সংহিতার (BNS) ১০৫, ১১০ এবং ৩(৫) ধারায় মামলা রুজু করা হয়েছে। বিপর্যয়ের পর প্রশাসনের নির্দেশে আগামী ৩১ জুলাই পর্যন্ত কলকাতায় সমস্ত বাণিজ্যিক নির্মাণের কাজ বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং এই সময়ের মধ্যে প্রতিটি নির্মাণ স্থলের অডিট করা হবে।
নিখোঁজদের সন্ধানে সেনা, পুলিশ, দমকল, বিপর্যয় মোকাবিলা বাহিনী ও এনডিআরএফ-এর সমন্বয়ে রাতভর যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধারকাজ চলছে। ড্রোন ও স্নিফার ডগের সাহায্যে ধ্বংসস্তূপের নিচে তল্লাশি চালানো হচ্ছে এবং আহতদের উদ্ধার করে এসএসকেএম হাসপাতালের ট্রমা কেয়ার সেন্টারে ভর্তি করা হয়েছে। প্রাথমিক তদন্তে উঠে এসেছে যে, শ্যামাপ্রসাদ মুখার্জি বন্দর কর্তৃপক্ষের লিজ়ে থাকা এই জমিতে নির্মাণ সংক্রান্ত পরিকল্পনায় মারাত্মক ত্রুটি ছিল। ঘটনাস্থল পরিদর্শন করেছেন মুখ্যমন্ত্রী সহ একাধিক মন্ত্রী।