মেসি-রোনাল্ডো দ্বৈরথ কি সত্যিই হতে চলেছে কোয়ার্টার ফাইনালে!
২০২৬ ফিফা বিশ্বকাপে ফুটবল বিশ্বের দুই কিংবদন্তি লিওনেল মেসি ও ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর মুখোমুখি হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। দুই দল নিজ নিজ গ্রুপ থেকে নকআউটের পথে থাকায় কোয়ার্টার ফাইনালে এই ঐতিহাসিক দ্বৈরথ দেখার অপেক্ষায় রয়েছে ফুটবল বিশ্ব। সম্ভাব্য এটিই দুই তারকার শেষ বিশ্বকাপ হওয়ায় এই ম্যাচ ঘিরে সমর্থকদের আগ্রহ ও আবেগ তুঙ্গে।
পর্তুগাল ও আর্জেন্টিনার জন্য এই লড়াইয়ে পৌঁছানোর পথ ভিন্ন। আর্জেন্টিনা গ্রুপ চ্যাম্পিয়নশিপ নিশ্চিত করলেও, রোনাল্ডোদের পথ বেশ চ্যালেঞ্জিং। গ্রুপ শীর্ষে থাকার জন্য পর্তুগালকে শেষ ম্যাচে কলম্বিয়াকে হারাতে হবে। এরপর নকআউটে প্যারাগুয়ে ও বেলজিয়ামের মতো কঠিন বাধা পেরিয়ে তবেই তাদের কোয়ার্টার ফাইনালে ওঠার সুযোগ থাকবে। অন্যদিকে, আর্জেন্টিনার পরবর্তী প্রতিপক্ষ হিসেবে রয়েছে নবাগত কেপ ভার্দে ও মিশর, যা তাদের জন্য তুলনামূলক সহজ পথ তৈরি করেছে। দুই মহাতারকা নিজ নিজ নকআউট বাধা টপকাতে পারলেই বিশ্ব ফুটবল পাবে ‘দ্য লাস্ট ডান্স’ খ্যাত এই মাহেন্দ্রক্ষণ।