কলকাতার চাপ কমাতে কল্যাণীতে নতুন বিমানবন্দর, কী এই গ্রিনফিল্ড প্রজেক্ট?
কলকাতা বিমানবন্দরের ক্রমবর্ধমান যাত্রী চাপ সামলাতে এবং আঞ্চলিক উন্নয়নের লক্ষ্যে নদিয়ার কল্যাণীর কাছে একটি নতুন ‘গ্রিনফিল্ড’ বিমানবন্দর তৈরির ঘোষণা করেছে রাজ্য সরকার। গত ২২ জুন বাজেট পেশের সময় অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত এই মেগা প্রকল্পের কথা জানান। এই প্রকল্পের জন্য রাজ্য সরকারের পক্ষ থেকে ১০০০ থেকে ১৫০০ একর জমি শনাক্ত করার প্রক্রিয়া শুরু করা হচ্ছে।
সম্পূর্ণ ফাঁকা জমিতে নতুন করে তৈরি হতে যাওয়া এই গ্রিনফিল্ড বিমানবন্দরটিতে আধুনিক যাত্রী পরিষেবা ও অত্যাধুনিক নকশা অন্তর্ভুক্ত করার সুযোগ থাকবে। পরিবেশবান্ধব এই প্রকল্পে সৌরশক্তির ব্যবহার, জলের পুনর্ব্যবহার এবং কার্বন নির্গমন কমানোর মতো ব্যবস্থা রাখা হবে। অদূর ভবিষ্যতে এই বিমানবন্দরটি কলকাতার উপর যাত্রী চাপ কমানোর পাশাপাশি নদিয়া ও পার্শ্ববর্তী অঞ্চলে অর্থনৈতিক উন্নয়ন ও কর্মসংস্থানের নতুন সুযোগ তৈরি করবে বলে আশা করা হচ্ছে।