ইতিহাসে প্রথমবার! নবম শ্রেণির পাঠ্যবইয়ে ফিরছে জরুরি অবস্থার সেই কালো অধ্যায়
স্বাধীন ভারতের ইতিহাসের অন্যতম বিতর্কিত অধ্যায় ১৯৭৫ থেকে ১৯৭৭ সালের ‘জরুরি অবস্থা’র বিষয়টি এবার নবম শ্রেণির সমাজবিজ্ঞানের পাঠ্যক্রমে অন্তর্ভুক্ত করেছে এনসিইআরটি (NCERT)। এতদিন এই বিষয়টি শুধুমাত্র দ্বাদশ শ্রেণির পাঠ্যক্রমে সীমাবদ্ধ থাকলেও, জাতীয় শিক্ষানীতির আওতায় এখন তা হাই স্কুলের স্তরে নিয়ে আসা হয়েছে। জরুরি অবস্থা ঘোষণার ৫১ বছর পর এই প্রথম নবম শ্রেণির শিক্ষার্থীদের জন্য এই অধ্যায়টি যুক্ত করা হলো।
২০২৬-২৭ শিক্ষাবর্ষ থেকে অন্তর্ভুক্ত হতে যাওয়া ‘আন্ডারস্ট্যান্ডিং সোসাইটি, ইন্ডিয়া অ্যান্ড বিয়ন্ড পার্ট ১’ বইয়ের ষষ্ঠ অধ্যায়ে জরুরি অবস্থার বিস্তারিত বিবরণ দেওয়া হয়েছে। এতে সত্তরের দশকে মূল্যবৃদ্ধি, দুর্নীতি ও বেকারত্বকে কেন্দ্র করে ইন্দিরা গান্ধী সরকারের বিরুদ্ধে গণবিক্ষোভ এবং পরবর্তীতে ‘অভ্যন্তরীণ গোলযোগের’ অজুহাতে জরুরি অবস্থা জারির প্রেক্ষাপট তুলে ধরা হয়েছে। পাশাপাশি নাগরিকদের মৌলিক অধিকার হরণ, সংবাদপত্রের সেন্সরশিপ, রাজনৈতিক নেতা ও কর্মীদের ঢালাও গ্রেপ্তার এবং জয়প্রকাশ নারায়ণের নেতৃত্বাধীন আন্দোলনের মতো গুরুত্বপূর্ণ ঘটনাগুলোও পাঠ্যবইটিতে স্থান পেয়েছে। একইসঙ্গে পাঠ্যক্রমে রদবদল করে ফরাসি বিপ্লব, রুশ বিপ্লব ও নাৎসিবাদের মতো আন্তর্জাতিক ইতিহাস নবম শ্রেণি থেকে দশম শ্রেণিতে স্থানান্তরিত করা হয়েছে।