ভেনেজুয়েলায় শতাব্দীর ভয়ংকরতম জোড়া ভূমিকম্প, ধ্বংসযজ্ঞের সতর্কবার্তা দিল গুগল!
লাতিন আমেরিকার ইতিহাসে শতাব্দীর সবচেয়ে শক্তিশালী জোড়া ভূমিকম্পে ভেনেজুয়েলায় অন্তত ৩২ জনের মৃত্যু হয়েছে এবং প্রায় ৭০০ জন আহত হয়েছেন। রিখটার স্কেলে ৭.২ ও ৭.৫ মাত্রার এই ভূমিকম্পে রাজধানী কারাকাসসহ দেশটির বিস্তীর্ণ এলাকা ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। তবে এই বিপর্যয়ের মধ্যেও গুগল অ্যান্ড্রয়েড আর্থকোয়েক অ্যালার্টস সিস্টেমের মাধ্যমে ভূমিকম্প আঘাত হানার কয়েক সেকেন্ড আগেই স্থানীয় বাসিন্দাদের স্মার্টফোনে আগাম সতর্কবার্তা পৌঁছে দিতে সক্ষম হয়েছে।
গুগলের এই সতর্কবার্তা পাঠানোর নেপথ্যে কাজ করেছে স্মার্টফোনে থাকা অ্যাক্সেলেরোমিটার সেন্সর। সাধারণত স্ক্রিন ঘোরানোর কাজে ব্যবহৃত এই সেন্সর ভূমিকম্পের সূক্ষ্ম কম্পন শনাক্ত করতে সক্ষম। ভূমিকম্পের শুরুতে উৎপন্ন দ্রুতগামী ‘পি-তরঙ্গ’ শনাক্ত করে তা আলোর গতিতে গুগলের সার্ভারে পাঠানোর মাধ্যমেই এই প্রযুক্তি কাজ করে। ফলে বিধ্বংসী ‘এস-তরঙ্গ’ আঘাত হানার আগেই ব্যবহারকারীদের কাছে সতর্কবার্তা পৌঁছে দেওয়া সম্ভব হয়, যা বহু মানুষের প্রাণরক্ষায় কার্যকর ভূমিকা রাখছে।