১৫ বছরের ‘দিদি নং ১’ থেকে আচমকা বাদ, রাগে ফেটে পড়লেন রচনা!
দীর্ঘ ১৫ বছরের পথচলা শেষে জনপ্রিয় টেলিভিশন শো ‘দিদি নং ১’-এর সঞ্চালকের পদ থেকে সরিয়ে দেওয়া হলো অভিনেত্রী ও তৃণমূল সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়কে। আগামী ২৯ জুন থেকে নতুন ফরম্যাটে শুরু হতে চলা এই শোয়ে তাঁর পরিবর্তে সঞ্চালনার দায়িত্ব পালন করবেন অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায়। চ্যানেল কর্তৃপক্ষের এই সিদ্ধান্তকে ‘অপেশাদার’ আখ্যা দিয়ে রচনা অভিযোগ করেছেন যে, তাঁকে মাত্র দুদিনের নোটিশে এই দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে।
দীর্ঘদিনের এই সম্পর্ক হঠাত্ বিচ্ছিন্ন হওয়ায় ক্ষোভ প্রকাশ করে রচনা জানিয়েছেন, তিনি আর কোনো দিন ওই মঞ্চে ফিরবেন না। চ্যানেল কর্তৃপক্ষ চুক্তির দোহাই দিয়ে এই পরিবর্তনের কথা জানালেও, রচনার দাবি, দীর্ঘ ১৫ বছরের কাজের বিনিময়ে ন্যূনতম সম্মান জানানো উচিত ছিল। এছাড়া, রচনার পাশাপাশি শোয়ের সেটের অন্যান্য কর্মীরাও কর্মহীন হয়ে পড়ায় তিনি উদ্বেগ প্রকাশ করেছেন। এরই মধ্যে এই আকস্মিক পরিবর্তনের নেপথ্যে কোনো রাজনৈতিক সমীকরণ রয়েছে কি না, তা নিয়ে প্রশ্নের জবাবে রচনা জানিয়েছেন, তিনি প্রকৃত কারণ জানেন না, তবে তাঁর কাছে ‘দিদি নং ১’ সবসময় রাজনীতির ঊর্ধ্বে ছিল। ব্যক্তিগত ক্ষোভ থাকলেও পেশাদারিত্ব বজায় রেখে তিনি শোটির আগামী দিনের জন্য শুভকামনা জানিয়েছেন।