নদিয়ায় জমি ও গাছ পাচারকাণ্ডে অভিষেকের নাম, আদালতের নির্দেশে তোলপাড়!
নদিয়ার নাকাশিপাড়ায় ১১০০ বিঘা সরকারি খাস জমি দখল, মাটি কাটা এবং কয়েক হাজার মূল্যবান গাছ পাচারের অভিযোগে দায়ের করা মামলায় ডায়মন্ড হারবারের তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম জড়িয়ে পড়েছে। নাকাশিপাড়ার বাসিন্দা পরাশর মণ্ডলসহ চার ব্যক্তির দায়ের করা এই মামলায় শাহজাহান শেখ ও চাদু শেখসহ মোট ১২ জন অভিযুক্তের নাম রয়েছে। মামলাকারীদের আইনজীবীর দাবি, ঘটনার নেপথ্যে সাংসদের প্রত্যক্ষ বা পরোক্ষ মদত রয়েছে এবং অভিযুক্তরা বারবার সাংসদের নাম নিয়ে হুমকি প্রদর্শণ করত।
অভিযোগে বলা হয়েছে, নাকাশিপাড়ার ২৪ নম্বর মৌজায় ১২ নম্বর জাতীয় সড়কের পাশে অবস্থিত ১১০০ বিঘা খাস জমির লিজের মেয়াদ ২০২০ সালে শেষ হয়ে গেলেও, বেআইনিভাবে সাড়ে ৪০০ বিঘা জমির মাটি কেটে বিক্রি করা হয়েছে। একইসঙ্গে কেটে ফেলা হয়েছে ওই জমির হাজার হাজার সেগুন ও মেহগনি গাছ। কৃষ্ণনগর সিজেএম আদালতের বিচারক তরুণ কুমার মণ্ডল মামলাটি গ্রহণ করেছেন এবং আগামী ২৭ জুলাই পরবর্তী শুনানির দিন ধার্য করেছেন। ওই দিনই ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত রিপোর্ট আদালতে পেশ করার জন্য পুলিশকে নির্দেশ দিয়েছেন বিচারক।