তারাতলা বিপর্যয়ে কার গাফিলতি? কাঠগড়ায় পুরসভার অনুমতি!

তারাতলায় মর্মান্তিক নির্মাণ বিপর্যয়ের ঘটনার নেপথ্যে থাকা দুর্নীতির অভিযোগে কলকাতা পুরনিগমের চিফ ম্যানেজার কালীচরণ বন্দ্যোপাধ্যায়কে নিশানা করেছেন মুখ্যমন্ত্রী। বিধানসভায় মুখ্যমন্ত্রী দাবি করেছেন, এই আধিকারিককে জেরা করলেই বেআইনি নির্মাণ ও অনুমোদনের সমস্ত তথ্য প্রকাশ্যে আসবে। প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিমের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত কালীচরণের বিরুদ্ধে বেআইনি নির্মাণে মদত এবং বাইপাসের ধারে ২০০ কোটি টাকার ভবন নির্মাণে অর্থ জোগানের অভিযোগ তোলা হয়েছে।

পুরসভা সূত্রে জানা গেছে, কালীচরণ বন্দ্যোপাধ্যায় অতীতে ফিরহাদ হাকিমের ওএসডি হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং মেয়র কার্যালয়ে তাঁর ব্যাপক প্রভাব ছিল। বর্তমানে তিনি সাংসদ তহবিল সংক্রান্ত বিভাগের দায়িত্বে থাকলেও, পুরসভার অন্দরে তাঁর একচ্ছত্র আধিপত্য নিয়ে দীর্ঘদিন ধরেই বিতর্ক রয়েছে। এদিকে, এই ঘটনায় ফিরহাদ হাকিম দাবি করেছেন যে ক্যামাক স্ট্রিটের নির্দেশেই কালীচরণের বিরুদ্ধে অবস্থান নেওয়া হয়েছে। অন্যদিকে, তারাতলায় প্রাণহানির ঘটনায় প্রশাসনিক গাফিলতি ও দুর্নীতিচক্রের যোগসূত্র প্রকাশ্যে আসায় পুরসভার একাধিক শীর্ষ আধিকারিক তদন্তের নজরে আসতে পারেন বলে মনে করা হচ্ছে। অভিযুক্ত কালীচরণ বন্দ্যোপাধ্যায় অবশ্য এই বিষয়ে এখনো কোনো মন্তব্য করেননি।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *