বাণিজ্য চুক্তিতে ভারতের স্বার্থই অগ্রাধিকার, ট্রাম্প প্রশাসনকে স্পষ্ট বার্তা পীযূষ গোয়েলের!
ভারত ও আমেরিকার মধ্যে বহুল চর্চিত অন্তর্বর্তী বাণিজ্য চুক্তি এখনই স্বাক্ষরিত হচ্ছে না। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের সঙ্গে আলোচনার প্রেক্ষিতে ভারতের বাণিজ্যমন্ত্রী পীযূষ গোয়েল জানিয়েছেন, শুল্কের ক্ষেত্রে ভারতের তুলনামূলক সুবিধা নিশ্চিত না হওয়া পর্যন্ত এই চুক্তিতে সায় দেবে না নয়াদিল্লি। দেশের অর্থনৈতিক স্বার্থ সুরক্ষাকেই সরকার সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে।
২০২৫ সালের ফেব্রুয়ারিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বৈঠকের পর থেকে এই বিষয়ে আলোচনা গতি পায়। সে সময় ভারতীয় পণ্যের ওপর আমেরিকার আরোপিত শুল্ক ২৫ শতাংশ থেকে কমিয়ে ১৮ শতাংশ করার বিষয়ে প্রাথমিক সম্মতি পাওয়া গিয়েছিল। তবে বাণিজ্য মন্ত্রক সাফ জানিয়েছে, নতুন শুল্ক কাঠামো সম্পূর্ণ ও চূড়ান্ত না হওয়া পর্যন্ত আনুষ্ঠানিকভাবে চুক্তির পথে হাঁটবে না ভারত। তাড়াহুড়ো করে কোনো চুক্তিতে স্বাক্ষর করলে দেশীয় রপ্তানিকারক ও শিল্প খাত ক্ষতিগ্রস্ত হতে পারে বলে মনে করছে সরকার।