ডিজেল সংকটে বিপন্ন বেকারি শিল্প, আকাশছোঁয়া হতে চলেছে পাউরুটির দাম!
কেন্দ্রীয় সরকারের জ্বালানি সংক্রান্ত নতুন নির্দেশিকার জেরে রাজ্যের বেকারি ও বিস্কুট শিল্প গভীর সংকটের মুখে পড়েছে। ডিজেল বিক্রির ওপর টানা তিন মাসের নিষেধাজ্ঞার কারণে রাজ্যের প্রায় ৩ হাজার বেকারিতে উৎপাদন মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। জ্বালানির অভাবে প্রায় ৯৫ শতাংশ বেকারি উৎপাদন অর্ধেক করতে বাধ্য হয়েছে এবং অনেক গ্রামীণ বেকারি ইতিমধ্যেই বন্ধ হয়ে গেছে। পরিস্থিতি এমন চলতে থাকলে শীঘ্রই রাজ্যে পাউরুটির দাম বেড়ে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।
মধ্যপ্রাচ্যে যুদ্ধের কারণ দেখিয়ে কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রক নির্দেশ দিয়েছে যে, পেট্রল পাম্প থেকে খোলা পাত্রে ডিজেল কেনা যাবে না; শুধুমাত্র গাড়ি ও জলপথ পরিবহণেই এই জ্বালানি মিলবে। সরকারি এই সিদ্ধান্তের ফলে হাসপাতাল ও নার্সিংহোমগুলোতে পাউরুটির স্বাভাবিক সরবরাহ ব্যাহত হচ্ছে এবং এই শিল্পের সঙ্গে যুক্ত প্রায় ২৫ লক্ষ শ্রমিকের কর্মসংস্থান অনিশ্চিত হয়ে পড়েছে। এই সংকট নিরসনে পশ্চিমবঙ্গ বেকারি অ্যাসোসিয়েশন রাজ্যের মুখ্যমন্ত্রী ও মুখ্যসচিবকে চিঠি দিয়ে জরুরি ভিত্তিতে সরকারি হস্তক্ষেপের আবেদন জানিয়েছে। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, দ্রুত জ্বালানি সরবরাহ স্বাভাবিক না হলে বেকারি বাঁচাতে পাউরুটির দাম বাড়ানো ছাড়া অন্য কোনো উপায় থাকবে না।