২১ জুলাইয়ের মঞ্চে গর্জে উঠবেন মমতা, দলবদলুদের জন্য আছে বিশেষ বার্তা!

রাজ্যে দলের অন্দরে ভাঙনের পরিস্থিতির মধ্যেই আগামী ২১ জুলাই ধর্মতলায় সমাবেশের ডাক দিলেন তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ক্ষমতাচ্যুতির পর এই প্রথমবার আয়োজিত হতে চলা একুশে জুলাইয়ের সভার প্রস্তুতি প্রসঙ্গে বৃহস্পতিবার উত্তর কলকাতায় আয়োজিত এক কর্মিসভায় ভার্চুয়ালি যোগ দেন তিনি। প্রায় ১২ মিনিটের বক্তৃতায় মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্ট জানান, অনুমতি পাওয়া সাপেক্ষে ওই দিন বড় জমায়েত হবে এবং মাত্র পাঁচজন কর্মী উপস্থিত থাকলেও তিনি সভায় যোগ দেবেন।

পনেরো বছর ক্ষমতার পর বর্তমানে বিরোধী আসনে থাকা তৃণমূলের প্রথম সারির নেতাদের দলত্যাগ এবং সংগঠনের দুর্বলতার আবহে এই সমাবেশকে রাজনৈতিকভাবে তাৎপর্যপূর্ণ বলে দেখছেন বিশ্লেষকরা। পাশাপাশি, ২০১৮ সালের ২১ জুলাইয়ের সভা নিয়ে আদালতের নির্দেশ উপেক্ষা করার অভিযোগে মমতা ও অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আইনি নোটিস পাঠানোর নির্দেশের প্রেক্ষাপটে এই সমাবেশের ভবিষ্যৎ নিয়ে তৈরি হয়েছে আইনি জটিলতা। এদিকে, এদিনের সভায় দলবদলু নেতাদের তীব্র আক্রমণ করে মমতা বলেন, সুবিধাবাদী পথে যারা দল ছেড়েছেন, তাঁরা রাজনৈতিকভাবে অস্তিত্বহীন হয়ে পড়বেন। পাশাপাশি, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে ইডি ও সিআইডির তদন্ত সংক্রান্ত পারিবারিক যন্ত্রণার কথাও তুলে ধরেন তিনি এবং বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করে ‘বিজেপি স্পনসর্ড সিপিএম নেতা’ বলে অভিহিত করেন। এর জবাবে ঋতব্রত পাল্টা প্রতিক্রিয়ায় জানান, নেত্রী কেন তাঁকে নিয়ে সময় নষ্ট করছেন তা তাঁর বোধগম্য নয়।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *