মমতাকে চরম আক্রমণ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের, অভিষেককে নিয়ে একা থাকুন দিদি!
২১ জুলাইয়ের শহিদ দিবসের মঞ্চে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে প্রকাশ্য বচসা ও আচমকা মঞ্চ ছাড়ার ঘটনার পর তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় দলীয় নেতৃত্বের বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন। এক সাংবাদিক বৈঠকে কল্যাণ বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেন, ওইদিন মাত্র ২০ মিনিট বক্তব্য রাখার পরেও মুখ্যমন্ত্রী তাঁকে প্রকাশ্যে ‘এক ঘণ্টার বেশি বক্তৃতা দেওয়ার’ কথা বলে অসম্মান করেছেন। নিজেকে চরম অপমানিত দাবি করে তিনি স্পষ্ট জানিয়েছেন, দীর্ঘ দিন ধরে এমন জনসমক্ষে অপমান সহ্য করা তাঁর পক্ষে সম্ভব নয়।
দলের অন্দরের কোন্দল নিয়ে বিস্ফোরক মন্তব্য করে কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন, তৃণমূলের দুঃসময়ে ববি হাকিম, চন্দ্রিমা ভট্টাচার্য বা অরূপ বিশ্বাসদের পাশে পাওয়া যায়নি। দলের ভবিষ্যৎ নিয়ে সতর্কবার্তা দিয়ে তিনি মন্তব্য করেন, মমতা বন্দ্যোপাধ্যায়ই দল তৈরি করেছেন এবং তিনিই দল শেষ করবেন। সেই সঙ্গে অভিষেকের প্রসঙ্গ টেনে তিনি বলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের যদি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়ে বিরক্তি থাকে, তবে তিনি কেবল তাদের নিয়েই থাকুন। এছাড়া, আরজি কর কাণ্ডের সময় দলেরই এক প্রভাবশালী নেতা মুখ্যমন্ত্রীকে পদ থেকে সরিয়ে দেওয়ার ষড়যন্ত্র করেছিলেন বলেও চাঞ্চল্যকর দাবি করেন সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়।