হাইকোর্টে বড় ধাক্কা খেলেন অভিষেক, শুভেন্দুর সঙ্গে তুলনা নিয়ে কড়া বার্তা!
রাজ্যজুড়ে দায়ের হওয়া একাধিক এফআইআর-এর মামলায় আপাতত কোনো আইনি সুরক্ষা বা রক্ষাকবচ পেলেন না তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক ও সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার কলকাতা হাইকোর্টের বিচারপতি সৌগত ভট্টাচার্যের একক বেঞ্চ তাঁর এই নতুন আর্জি মঞ্জুর করেনি। শুনানির সময় রাজ্য সরকার আদালতকে জানিয়েছে যে, বর্তমানে অভিষেকের বিরুদ্ধে মোট আটটি এফআইআর নথিভুক্ত রয়েছে।
শুনানিতে অভিষেকের আইনজীবী কপিল সিব্বল এই মামলাগুলির ক্ষেত্রে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর মামলার প্রসঙ্গ টেনে সাময়িক সুরক্ষার আবেদন জানান। তবে বিচারপতি সৌগত ভট্টাচার্য এই তুলনা তীব্রভাবে খারিজ করে নির্দেশ দেন, শুভেন্দু অধিকারীর মামলার সঙ্গে যেন এই বিষয়ের কোনো তুলনা না টানা হয়। আদালত জানিয়েছে, আগামী বৃহস্পতিবার সমস্ত মামলার শুনানি একসঙ্গে হবে এবং সেদিনই রক্ষাকবচ সংক্রান্ত চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।