তহবিলে ১০০০ কোটি, ২০ বছরেও মেলেনি সাহায্য! কেন্দ্রকে তলব সুপ্রিম কোর্টের

পরিবেশ সংক্রান্ত ত্রাণ তহবিলে (Environment Relief Fund) জমা থাকা ১০০০ কোটি টাকারও বেশি অর্থ দীর্ঘ সময় ধরে অব্যবহৃত পড়ে থাকার অভিযোগে কেন্দ্র সরকার ও কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রণ বোর্ডের (CPCB) কাছে বিস্তারিত জবাব তলব করেছে সুপ্রিম কোর্ট। বিচারপতি সূর্য কান্ত, বিচারপতি জয়মাল্য বাগচি এবং বিচারপতি বিপুল এম. পঞ্চোলির বিশেষ বেঞ্চ এই জনস্বার্থ মামলার শুনানিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নোটিশ জারি করে বিশদ রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দিয়েছে। ২০১৯ সালে দায়ের হওয়া এই মামলাটিকে শীর্ষ আদালত অত্যন্ত ‘গুরুত্বপূর্ণ ও গম্ভীর’ বলে আখ্যা দিয়েছে।

মামলাকারীর অভিযোগ অনুযায়ী, ২০০৮ সালে তৈরি হওয়া এই প্রকল্পের মাধ্যমে আজ পর্যন্ত কোনো প্রকৃত সুবিধাভোগীকে আর্থিক সহায়তা দেওয়া হয়নি। অথচ মোটরযান আইনের ১৪৬ ধারা এবং পাবলিক লায়াবিলিটি ইন্স্যুরেন্স অ্যাক্ট ১৯৯১-এর অধীনে এই তহবিল সংগ্রহ করা হয়েছিল। মধ্যপ্রদেশের জব্বলপুরের বাসিন্দা সমাজকর্মী জ্ঞান প্রকাশের দায়ের করা এই মামলায় দীর্ঘ সময় ধরে তহবিল নিষ্ক্রিয় থাকার বিষয়টি তুলে ধরা হয়েছে। আদালতের পক্ষ থেকে দ্রুত জবাব পেশ করার জন্য কেন্দ্র ও দূষণ নিয়ন্ত্রণ বোর্ডের সদস্য সচিবকে নির্দেশ দেওয়া হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *