ভারতকে বড় ধাক্কা, পণ্যে ১০% শুল্ক চাপালেন ট্রাম্প!
‘ফোর্সড লেবার’ বা জোরপূর্বক শ্রম দিয়ে পণ্য উৎপাদন বন্ধ করতে ভারতসহ ৬০টি দেশের পণ্যের ওপর ১০ শতাংশ হারে নতুন শুল্ক (ট্যারিফ) আরোপ করেছে ডোনাল্ড ট্রাম্প প্রশাসন। ট্রেড অ্যাক্ট, ১৯৭৪-এর সেকশন ৩০১ অনুযায়ী কার্যকর হওয়া এই নতুন নিয়ম অনুযায়ী, ভারত, বাংলাদেশ, আর্জেন্টিনা, ব্রিটেন, কানাডা, ইন্দোনেশিয়া, মেক্সিকোসহ ১৮টি দেশের ক্ষেত্রে ১০ শতাংশ শুল্ক ধার্য করা হয়েছে। পাশাপাশি ইউরোপীয় ইউনিয়ন, জাপান, কোরিয়া এবং তাইওয়ানের ওপর ১০ থেকে ১২.৫ শতাংশ এবং চীনসহ বাকি দেশগুলোর ওপর ১২.৫ শতাংশ শুল্ক আরোপ করা হয়েছে। শনিবার সকাল ৯টা ৩১ মিনিট থেকে এই সিদ্ধান্ত আনুষ্ঠানিকভাবে কার্যকর হয়েছে, যার ফলে আগের অস্থায়ী শুল্কের নিয়ম বাতিল হয়ে নতুন এই ব্যবস্থা চালু হলো।
মার্কিন প্রশাসনের দাবি, সংশ্লিষ্ট দেশগুলোতে জোরপূর্বক শ্রমের মাধ্যমে পণ্য উৎপাদন করা হচ্ছে এবং অতীতে এটি নিয়ন্ত্রণে যথাযথ পদক্ষেপ নেওয়া হয়নি। তবে তেল, গ্যাস, সার, কিছু খাদ্যপণ্য এবং ইস্পাত, অ্যালুমিনিয়াম, তামার মতো পণ্যগুলোকে এই শুল্কের আওতার বাইরে রাখা হয়েছে। এদিকে, ওয়াশিংটনের এই একতরফা সিদ্ধান্তের বিরুদ্ধে নিন্দা জানিয়েছে নরওয়ে, অস্ট্রেলিয়া ও ব্রাজিলের মতো দেশগুলো। বিশেষজ্ঞদের মতে, আন্তর্জাতিক বাণিজ্যে এই কঠোর পদক্ষেপ বড় ধরনের প্রভাব ফেলতে পারে, যদিও মার্কিন সরকার মানবাধিকার রক্ষার লক্ষ্যেই এই সিদ্ধান্ত নেওয়ার কথা জানিয়েছে।