আইনের ঊর্ধ্বে কেউ নয়, দুর্নীতির বিরুদ্ধে বিধানসভায় গর্জে উঠলেন অগ্নিমিত্রা!
রাজ্যের নগরোন্নয়ন ও পুর পরিষেবা ব্যবস্থার আমূল পরিবর্তনের লক্ষ্যে বিধানসভায় একাধিক কঠোর ঘোষণা করলেন মন্ত্রী অগ্নিমিত্রা পাল। দুর্নীতি দমনে ‘জিরো টলারেন্স’ নীতির কথা উল্লেখ করে তিনি স্পষ্ট জানিয়েছেন যে, আইনের ঊর্ধ্বে কেউ নন এবং তারাতলা বা গার্ডেনরিচের মতো ঘটনার পুনরাবৃত্তি আর হতে দেওয়া হবে না। একইসঙ্গে, রাজ্যের বর্জ্য ব্যবস্থাপনা ও পরিচ্ছন্নতা নিশ্চিত করতে আগামী ১ সেপ্টেম্বর থেকে নতুন নির্দেশিকা কার্যকর করা হচ্ছে। এই নিয়ম অনুযায়ী, জনবহুল রাস্তায় বা প্রকাশ্যে থুতু ফেললে কিংবা প্রস্রাব করলে কঠোর আইনি পদক্ষেপ ও আর্থিক জরিমানা করা হবে।
বিধানসভায় দাঁড়িয়ে মন্ত্রী বিগত সরকারের সময়কালের বিভিন্ন কাজের সমালোচনা করেন। তিনি প্রাক্তন মন্ত্রী জাভেদ খানকে নিশানা করে জানান যে, তাঁর নিজের এলাকাতেই অবৈধ নির্মাণ ও নিয়মভঙ্গের সমস্যা সর্বাধিক। এছাড়া দীর্ঘ ১৫ বছর ক্ষমতায় থাকা সত্ত্বেও কলকাতার জল জমার সমস্যার স্থায়ী সমাধান না হওয়ার বিষয়ে মন্ত্রী ফিরহাদ হাকিমকে আক্রমণ করেন। পাশাপাশি, বিগত দিনে কলকাতার জন্য বাড়তি ৫০ শতাংশ তহবিল বরাদ্দ হলেও উত্তরবঙ্গের বিভিন্ন পুরসভা উন্নয়নমূলক অনুদান থেকে বঞ্চিত হয়েছে বলেও তিনি অভিযোগ তুলেছেন।