গাজার পর এবার পশ্চিম তীরে ইসরায়েলের সর্বাত্মক হামলা, দিশেহারা বহু পরিবার!
গাজা উপত্যকার সংঘাতের রেশ কাটতে না কাটতেই এবার অধিকৃত পশ্চিম তীরে বড় ধরনের সামরিক অভিযানের প্রস্তুতি শুরু করেছে ইজরায়েল। প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু নিরাপত্তা বাহিনীকে পশ্চিম তীরের প্রতিটি গ্রামে প্রবেশ করে তল্লাশি চালানো, অস্ত্র বাজেয়াপ্ত করা এবং সন্দেহভাজনদের গ্রেপ্তারের কঠোর নির্দেশ দিয়েছেন। ইজরায়েলি প্রশাসনের দাবি, অঞ্চলের নিরাপত্তা নিশ্চিত করা এবং সন্ত্রাসবাদ দমনের লক্ষ্যেই এই ব্যাপক সামরিক পদক্ষেপ নেওয়া হচ্ছে।
এই ঘোষণার পর পশ্চিম তীরের সাধারণ মানুষের জীবন চরম অনিশ্চয়তার মুখে পড়েছে। ‘ইয়ুথ এগেইনস্ট সেটেলমেন্টস’-এর প্রতিষ্ঠাতা ইসা আমরু জানিয়েছেন, ওই এলাকায় বসবাসকারী ফিলিস্তিনিরা প্রতিনিয়ত সহিংসতার শিকার হচ্ছেন। তাঁর দাবি, নির্যাতন ও ধরপাকড়ের কারণে ইতিমধ্যে ২০টিরও বেশি ফিলিস্তিনি সম্প্রদায় পৈতৃক ভিটেমাটি ছেড়ে অন্যত্র চলে যেতে বাধ্য হয়েছেন এবং শত শত পরিবার উদ্বাস্তুতে পরিণত হয়েছেন। পশ্চিম তীরের এই পরিস্থিতির কারণে আন্তর্জাতিক মহলে গভীর উদ্বেগ তৈরি হয়েছে।