NEET আন্দোলন: নাবালকদের অবিলম্বে মুক্তির নির্দেশ সুপ্রিম কোর্টের, FIR-এর ক্ষেত্রে কড়া শর্ত!
দেশজুড়ে সিজিপি (CJP)-র NEET আন্দোলন ঘিরে সৃষ্ট পরিস্থিতিতে আন্দোলনকারীদের বড় স্বস্তি দিল সুপ্রিম কোর্ট। মঙ্গলবার শীর্ষ আদালতের প্রধান বিচারপতি সূর্যকান্ত, বিচারপতি জয়মাল্য বাগচী এবং বিচারপতি ভি. মোহনার বেঞ্চ নির্দেশ দিয়েছে, আন্দোলনে অংশ নিয়ে গ্রেফতার বা আটক হওয়া ১৮ বছরের কম বয়সী সমস্ত শিক্ষার্থী এবং কোনো অপরাধমূলক রেকর্ড না থাকা ব্যক্তিদের অবিলম্বে মুক্তি দিতে হবে। পাশাপাশি, দিল্লির যন্তর মন্তর-সহ বিভিন্ন রাজ্যে সিজিপি-র নেতৃত্বে হওয়া আন্দোলনের জেরে দায়ের হওয়া কোনো এফআইআর-এর প্রেক্ষিতে আপাতত কোনো দণ্ডমূলক বা জোরপূর্বক ব্যবস্থা নেওয়া যাবে না বলে আদালত স্পষ্ট জানিয়ে দিয়েছে।
আদালত কেন্দ্র ও পশ্চিমবঙ্গসহ সাতটি রাজ্য সরকারকে নোটিস জারি করে অশান্তির স্বরূপ ও পরিস্থিতি সম্পর্কে রিপোর্ট তলব করেছে। শুনানির সময় বেঞ্চে পেলেট গান ও ইলেকট্রিক ব্যাটন ব্যবহার, সাদা পোশাকে পুলিশের হিংসা এবং নাবালকদের আটকের মতো বিষয়গুলো নিয়ে তীব্র সমালোচনা করা হয়। এছাড়া এএসআই কর্তৃক গাড়ির কাচ ভাঙা এবং পুলিশকর্মীদের গায়ের নেমপ্লেট না থাকা নিয়েও প্রশ্ন ওঠে। আদালত জানায়, শান্তিপূর্ণ আন্দোলনের অধিকার সংবিধান স্বীকৃত এবং এসব গুরুতর অভিযোগের স্বাধীন ও নিরপেক্ষ তদন্ত হওয়া প্রয়োজন। ঘটনার তদন্তে একটি উচ্চপর্যায়ের কমিটি বা বিশেষ তদন্তকারী দল (SIT) গঠনের ইঙ্গিত দিয়েছে শীর্ষ আদালত।