ছাত্র আন্দোলন নিয়ে কঙ্গনার বিতর্কিত মন্তব্যে তোলপাড়!
বিতর্কিত মন্তব্যের কারণে আবারও বিতর্কের মুখে পড়েছেন বলিউড অভিনেত্রী ও বিজেপি সংসদ সদস্য কঙ্গনা রানাওয়াত। দিল্লির যন্তর মন্তরসহ দেশের বিভিন্ন প্রান্তে চলমান শিক্ষার্থীদের আন্দোলন ও তাদের সোশ্যাল মিডিয়া পোস্টের ভাষা নিয়ে কঠোর সমালোচনা করতে গিয়ে তিনি জেন-জি প্রজন্মের শিক্ষার্থীদের ‘জেনারেশন গাটার’ বা ‘ড্রেনের প্রজন্ম’ বলে আখ্যা দিয়েছেন। আন্দোলনকারীদের পরিবারের লালন-পালন ও ব্যক্তিগত জীবন নিয়ে কঙ্গনার এই কুরুচিকর ও আক্রমণাত্মক বক্তব্য দেশজুড়ে তীব্র রাজনৈতিক প্রতিক্রিয়ার সৃষ্টি করেছে।
কঙ্গনা রানাওয়াত বিশেষত আন্দোলনকারী নারী শিক্ষার্থীদের নিশানা করে তাদের নৈতিক অবক্ষয় এবং মাদকাসক্তির অভিযোগ তুলেছেন। এই মন্তব্যের জেরে কংগ্রেস নেতা ভাই জাগতাপ এবং এআইএমআইএম নেতা ওয়ারিস পাঠানসহ বিরোধী রাজনৈতিক নেতারা তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন। শিক্ষার্থীরা যেভাবে সরব হয়েছেন তা নিয়ে কঙ্গনার অসংবেদনশীল মনোভাবের সমালোচনা করে বিরোধী নেতারা প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ ও অভিনেত্রীর নিঃশর্ত ক্ষমা প্রার্থনার দাবি জানিয়েছেন। এই বিতর্কের জেরে কঙ্গনা নিজেই সোশ্যাল মিডিয়া থেকে কিছুদিনের জন্য ‘ডিজিটাল ডিটক্স’-এ যাওয়ার ঘোষণা দিয়েছেন।