প্রশ্নফাঁস রুখতে বড় পদক্ষেপ, ১০ কোটি টাকা জরিমানা ও জেল!

তীব্র রাজনৈতিক বিতর্ক ও বিরোধীদের ওয়াকআউটের মধ্যে বুধবার লোকসভায় ধ্বনিভোটে পাশ হলো ‘পাবলিক এগজামিনেশনস (প্রিভেনশন অফ আনফেয়ার মিন্স) অ্যামেন্ডমেন্ট বিল, ২০২৬’। NEET-UG সহ দেশের গুরুত্বপূর্ণ সরকারি পরীক্ষায় প্রশ্নফাঁস এবং অনিয়ম রোধে কঠোর এই সংশোধনী বিলটি বৃহস্পতিবার রাজ্যসভায় পেশ করা হবে। এদিন লোকসভায় বিল পেশের সময় ছাত্র আন্দোলনে পুলিশের ভূমিকা নিয়ে বিরোধী দলনেতা রাহুল গান্ধীর অভিযোগ ঘিরে সরকার ও বিরোধী পক্ষের মধ্যে তীব্র বাদানুবাদ শুরু হয়, যার জেরে বিরোধী সাংসদরা ওয়াকআউট করেন।

২০২৪ সালের মূল আইনটিকে আরও শক্তিশালী করার লক্ষ্যে এই সংশোধনী আনা হয়েছে। নতুন বিলে ব্যক্তিগত অনিয়মের ক্ষেত্রে সাজা বাড়িয়ে ৫ থেকে ১০ বছরের কারাদণ্ড ও সর্বোচ্চ ৫০ লক্ষ টাকা জরিমানার প্রস্তাব রাখা হয়েছে। এছাড়া, পরীক্ষা পরিচালনাকারী সংস্থা বা সার্ভিস প্রোভাইডারদের জন্য জরিমানার পরিমাণ ১ কোটি থেকে বাড়িয়ে ৫ কোটি টাকা এবং সংগঠিত অপরাধ চক্রের ক্ষেত্রে ন্যূনতম সাজা ৭ বছর এবং জরিমানা ১০ কোটি টাকা পর্যন্ত করা হয়েছে। পাশাপাশি, বিচার প্রক্রিয়া দ্রুত করতে বিশেষ ফাস্ট ট্র্যাক কোর্ট, বিশেষ সরকারি কৌঁসুলি নিয়োগ এবং নির্দিষ্ট সময়ের মধ্যে আপিল নিষ্পত্তির বিধানও রাখা হয়েছে। রাজ্যসভায় পাশ হওয়ার পর রাষ্ট্রপতির অনুমোদন পেলেই আইনটি কার্যকর হবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *