শিয়ালদহ-রানাঘাট এসি লোকাল, কোন দুই স্টেশনে আর থামবে না এই ট্রেন?
স্টপেজ কমানোর সিদ্ধান্ত পূর্ব রেলের, ১ অগাস্ট থেকে কাঁকিনাড়া ও জগদ্দলে থামবে না শিয়ালদহ-রানাঘাট এসি লোকাল
আগামী ১ অগাস্ট, শনিবার থেকে শিয়ালদহ-রানাঘাট-শিয়ালদহ এসি লোকালের (৩১৬৩৭/৩১৬৩৮) স্টপেজ সংখ্যা কমানোর সিদ্ধান্ত নিয়েছে পূর্ব রেল। এই পরিবর্তনের ফলে উল্লেখিত তারিখ থেকে ট্রেনটি আর কাঁকিনাড়া ও জগদ্দল স্টেশনে থামবে না। পূর্ব রেলের শিয়ালদহ ডিভিশনের তথ্য অনুযায়ী, সংশ্লিষ্ট স্টেশন দুটিতে এসি ট্রেনের যাত্রী সংখ্যা অত্যন্ত কম হওয়ায় ট্রেনের নির্দিষ্ট সময়সূচি ও গতি বজায় রাখার স্বার্থেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে সিমুরালি, হালিশহর ও ইছাপুর স্টেশনে বর্তমান পরীক্ষামূলক স্টপেজ পরবর্তী মূল্যায়ন না হওয়া পর্যন্ত বহাল থাকবে।
বর্তমানে ৩১৬৩৭ আপ শিয়ালদহ-রানাঘাট এসি গ্যালপিং লোকাল প্রতিদিন শিয়ালদহ থেকে সন্ধ্যা ৬টা ৫০ মিনিটে ছেড়ে রাত ৮টা ৩২ মিনিটে রানাঘাটে পৌঁছায়। স্টপেজ বাতিলের ফলে কাঁকিনাড়া ও জগদ্দল স্টেশনের নিত্যযাত্রীরা এই ট্রেন পরিষেবা পাবেন না। এই পরিস্থিতিতে যাত্রীদের ভ্রমণের আগে সংশোধিত সময়সূচি দেখে নেওয়ার অনুরোধ জানিয়েছে রেল কর্তৃপক্ষ। যাত্রীদের সাময়িক এই অসুবিধার জন্য পূর্ব রেলের শিয়ালদহ ডিভিশন দুঃখ প্রকাশ করেছে।