সংসদে উত্তাল পরিস্থিতি, মোদীর জরুরি বৈঠকে বড় সিদ্ধান্তের ইঙ্গিত!
সংসদের উভয় কক্ষে বিরোধী সাংসদদের তীব্র বিক্ষোভ ও হট্টগোলের মধ্যেই বৃহস্পতিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এক জরুরি বৈঠকে সভাপতিত্ব করেছেন। প্রধানমন্ত্রীর কার্যালয়ে আয়োজিত এই বৈঠকে সাম্প্রতিক ছাত্র আন্দোলন, মধ্যপ্রাচ্যের সংকট এবং হরমুজ প্রণালীর নিরাপত্তা নিয়ে বিস্তারিত পর্যালোচনা করা হয়। বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর, অর্থমন্ত্রী নির্মলা সীতারামন এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভালসহ সরকারের শীর্ষস্থানীয় মন্ত্রী ও আধিকারিকরা উপস্থিত ছিলেন।
তানা অষ্টম দিনের মতো সংসদের অচলাবস্থা অব্যাহত থাকায় এদিনও লোকসভার প্রশ্নোত্তর পর্ব ভেস্তে যায় এবং অধিবেশন দুপুর ২টা পর্যন্ত মুলতবি করা হয়। রাজ্যসভায় কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং ‘প্রশ্নপত্র ফাঁস বিরোধী বিল’ নিয়ে আলোচনা শুরু করলেও উত্তাল পরিস্থিতির কারণে কোনো সুরাহা হয়নি। আন্দোলনরত ছাত্রদের ওপর পুলিশের কথিত পদক্ষেপে স্বরাষ্ট্রমন্ত্রীর বিবৃতি এবং কংগ্রেস নেতা রাহুল গান্ধীর বক্তব্যকে কেন্দ্র করে বিরোধীরা তাদের দাবিতে অনড় রয়েছেন।