ফলতার বিজেপি বিধায়কের হোয়াটসঅ্যাপ হ্যাক, টাকা চেয়ে হুমকি মেসেজ ঘিরে চাঞ্চল্য!
বার্তা ডেস্কঃ
দক্ষিণ ২৪ পরগনার ফলতার বিজেপি বিধায়ক দেবাংশু পান্ডার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট হ্যাক করে টাকা চাওয়ার মারাত্মক অভিযোগ উঠল। জানা গিয়েছে, হ্যাকাররা বিধায়কের নম্বর ব্যবহার করে তাঁর পরিচিত বিভিন্ন ব্যক্তিকে মেসেজ পাঠিয়ে টাকা দাবি করছে। শুধু টাকা চাওয়া নয়, ওই নম্বর থেকে দেখা করার প্রস্তাব এবং হুমকিও দেওয়া হচ্ছে বলে খবর। ডায়মন্ডহারবারের নায়াপাড়ার এক বাসিন্দা বিষয়টি প্রথম ফোন করে বিধায়ককে জানান। এরপরই ঘটনাটি প্রকাশ্যে আসায় গোটা এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।
খবর পাওয়া মাত্রই তড়িঘড়ি ডায়মন্ডহারবার থানায় লিখিত অভিযোগ দায়ের করেন বিধায়ক দেবাংশু পান্ডা। পুলিশ ইতিমধ্যেই পুরো ঘটনার তদন্ত শুরু করেছে। এই প্রসঙ্গে বিধায়ক উদ্বেগ প্রকাশ করে জানান, এর আগে বিধানসভা নির্বাচনের সময় তাঁর ফেসবুক অ্যাকাউন্টও হ্যাক করা হয়েছিল। সাধারণ মানুষকে সতর্ক করে তিনি আবেদন জানিয়েছেন, তাঁর হোয়াটসঅ্যাপ নম্বর থেকে কোনো মেসেজ, টাকা চাওয়ার আবেদন বা হুমকি এলে কেউ যেন প্রতারকদের সেই ফাঁদে পা না দেন।