সাইকেলের দামে তুঘলকি কাণ্ড, রাজধানীতে তোলপাড়!

বার্তা ডেস্কঃ

দিল্লির সরকারি স্কুলে নবম শ্রেণির ছাত্রীদের সাইকেল বিতরণ কর্মসূচিকে কেন্দ্র করে তীব্র রাজনৈতিক তরজা শুরু হয়েছে। সোমবার থেকেই এই কর্মসূচি শুরু হওয়ার পর বিরোধী আম আদমি পার্টি সরকারের বিরুদ্ধে দুর্নীতির বিস্ফোরক অভিযোগ তুলেছে। আপ নেতাদের দাবি, বাজারে যে সাইকেলের প্রকৃত মূল্য চার হাজার টাকার আশপাশে, সেই একই সাইকেল প্রায় সাত হাজার টাকা দিয়ে কিনেছে প্রশাসন। প্রতিটি সাইকেলে প্রায় তিন হাজার টাকা অতিরিক্ত খরচ দেখানোর মাধ্যমে সরকারি তহবিলের অপচয় ও কাটমানি খাওয়ার গুরুতর অভিযোগ এনেছে তারা।

অন্যদিকে, সমস্ত অভিযোগ উড়িয়ে দিয়ে আম আদমি পার্টিকে একহাত নিয়েছে দিল্লির শাসক শিবির। বিজেপি সাফ জানিয়েছে, নিয়ম মেনে এবং যথাযথ টেন্ডার প্রক্রিয়ার মাধ্যমেই সাইকেলগুলি কেনা হয়েছে। বাজারের বিভিন্ন মানের সাইকেল নিয়ে বিভ্রান্তি তৈরি করে আপ আসলে অন্য রাজ্য থেকে মানুষের নজর ঘোরাতে চাইছে বলে বিজেপির পক্ষ থেকে পাল্টা দাবি করা হয়েছে। একই সঙ্গে এই মনগড়া অভিযোগের জন্য ক্ষমা চাওয়া না হলে আইনি পদক্ষেপ করা হবে বলেও হুঁশিয়ারি দেওয়া হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *